গ্যাস সংকটে ঘোড়াশাল পলাশ সার কারখানার উৎপাদন বন্ধ
- আপডেট সময় : ১০:১২:৪২ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে
দেশের চলমান গ্যাস সংকটের কারণে দক্ষিন-পূর্ব এশিয়ার অন্যতম বৃহত্তম পরিবেশবান্ধব ২ হাজার ৮শ ৪০ মেট্রিক টন উৎপাদন ক্ষমতাসম্পন্ন নরসিংদীর পলাশের ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পিএলসি সার কারখানার সার উৎপাদন বন্ধ করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) কারখানার মহা-ব্যাবস্থাপক (প্রশাসন) মো. ফখরুল আলম জানান, বুধবার (৪মার্চ) বিকাল থেকে সরকারি নির্দেশনার পরিপ্রেক্ষিতে সার উৎপাদন বন্ধ করা হয়।
কারখানা সূত্রে জানা যায়, পুরো শতভাগ উৎপাদনে চলমান ছিল এ সার কারখানাটি। উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন ২৮০০ মেট্রিক টন সার উৎপাদন ব্যাহত হচ্ছে। এ সার কারখানার সার উৎপাদন সম্পূর্নভাবে গ্যাস নির্ভর একটি প্রক্রিয়া।
সূত্রে আরও জানা যায়, সার কারখানাটি গ্যাস সংকটে বন্ধ হওয়ার পর কারখানার গুদামে ৫ লাখ ২৫ মেট্রিক টন সার মজুত রয়েছে। সার কারখানাটিতে নিরবিচ্ছিন্ন উৎপাদনের জন্য দৈনিক ৭১-৭২ পিএসআই গ্যাসের প্রয়োজন হয়। তাছাড়া ৫২-৫৩ পিএসআই গ্যাস পাওয়া গেলেও উৎপাদন চালিয়ে রাখা যায়। গ্যাস পেলে কারখানায় আবার কবে পুরোপুরি উৎপাদনে যাওয়া যাবে এবং কবে নাগাদ গ্যাস পাওয়া যাবে এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না বলে জানান কারখানার প্রশাসনিক কর্মকর্তা।




















