চুয়াডাঙ্গায় রাস্তা পারাপারের সময় ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের
- আপডেট সময় : ১২:৫৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় আব্দুল কাদের মালিতা (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (৭ মার্চ) ভোরে ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল কাদের মালিতা চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া গ্রামের চকপাড়া এলাকার বাসিন্দা এবং মৃত হারু মালিতার ছেলে। তিনি পেশায় কাঠ ব্যবসায়ী ছিলেন এবং তিন সন্তানের জনক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোরে আব্দুল কাদের মালিতা স্থানীয় মসজিদে ফজরের নামাজ আদায় করতে যান। নামাজ শেষে বাড়ি ফেরার সময় আলুকদিয়া বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতিতে আসা একটি ব্যাটারিচালিত ইজিবাইক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। দুর্ঘটনার পরপরই ইজিবাইকটি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। আলুকদিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আল বেলাল জানান, ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগতির ইজিবাইক আব্দুল কাদের মালিতাকে ধাক্কা দেয়। এতে তিনি মাথায় গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী চুয়াডাঙ্গা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মানজারুল ইসলাম বলেন, ইজিবাইকের ধাক্কায় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় এখনো পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয়দের দাবি, এলাকায় ব্যাটারিচালিত ইজিবাইকের বেপরোয়া চলাচল দিন দিন বেড়ে যাওয়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।




















