আলমডাঙ্গায় ডাকাতি প্রস্তুতি মামলার দুই আসামি গ্রেফতার
- আপডেট সময় : ০৫:৫২:০০ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬ ১০০ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ডাকাতি প্রস্তুতি মামলার ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেফতার করেছে আলমডাঙ্গা থানা পুলিশ। বুধবার (১১ মার্চ) ভোররাতে উপজেলার সাদাব্রীজ মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, আলমডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) শীতর বিশ্বাস সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় গ্রেফতারি পরোয়ানা তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযানে ডিউটি করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আলমডাঙ্গা থানাধীন সাদাব্রীজ মোড় এলাকা থেকে ডাকাতি প্রস্তুতির মামলার দুই আসামিকে আটক করা হয়।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/11/খোকসায়-মহান-স্বাধীনতা-দ/
গ্রেফতারকৃতরা হলেন— মো. খোরশেদ (৩০), পিতা মৃত আকমল হোসেন, মাতা শেফালী খাতুন, গ্রাম আসাননগর এবং মো. শরিফুল ইসলাম (২৬), পিতা মৃত আব্দুস সালাম, মাতা আলেয়া খাতুন, গ্রাম কোর্টপাড়া, উভয়ই আলমডাঙ্গা উপজেলার বাসিন্দা। পুলিশ জানায়, এর আগে আলমডাঙ্গা থানাধীন রুয়াকুলি গ্রামের বদরগঞ্জ মাঠে মো. লোকমানের কাঁঠাল বাগানের সামনে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের উপর সমবেত হয়ে ডাকাতির প্রস্তুতির ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/11/আলমডাঙ্গায়-খামারিদের-জন/
গ্রেফতারকৃত দুই আসামিকে আলমডাঙ্গা থানার মামলা নং-৩৪, তারিখ ২৮ আগস্ট ২০২৫, পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে। আলমডাঙ্গা থানা পুলিশ জানায়, এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।























