চুয়াডাঙ্গায় গরুর সঙ্গে সংঘর্ষে উল্টে গেল ইজিবাইক, প্রাণ গেল বৃদ্ধ যাত্রীর
- আপডেট সময় : ০৫:০০:৪৪ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬ ১০২ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা শহরে চলন্ত ইজিবাইকের সামনে হঠাৎ একটি গরু চলে আসায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইজিবাইক উল্টে নিচে চাপা পড়ে আব্দুল মজিদ সরকার (৬৫) নামের এক বৃদ্ধ যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের ঘোড়ামারা ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মজিদ সরকার চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ার মৃত আব্দুর রহমানের ছেলে।স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আব্দুল মজিদ সরকার অসুস্থ মেয়ে ও জামাইকে দেখতে আলমডাঙ্গা উপজেলার মুঞ্জিগঞ্জ এলাকায় গিয়েছিলেন। পরে সেখান থেকে স্ত্রীকে সঙ্গে নিয়ে ইজিবাইকযোগে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের ঘোড়ামারা ব্রিজ এলাকায় পৌঁছালে চলন্ত ইজিবাইকের সামনে হঠাৎ একটি গরু চলে আসে। এ সময় গরুর সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং ইজিবাইকটি সড়কের ওপর উল্টে যায়।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/11/আলমডাঙ্গায়-পৃথক-অভিযানে/
দুর্ঘটনায় ইজিবাইকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন আব্দুল মজিদ সরকার। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী কর্মকর্তা চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) লিটন হোসেন জানান, আব্দুল মজিদ সরকার পরিবারের সদস্যদের সঙ্গে ইজিবাইকযোগে বাড়ি ফিরছিলেন। পথে ইজিবাইকের সামনে হঠাৎ একটি গরু চলে আসলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং ইজিবাইকটি উল্টে যায়। এতে তিনি গাড়ির নিচে চাপা পড়ে মারা যান। তিনি আরও জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয়দের মতে, সড়কে অবাধে গরু ও অন্যান্য গবাদিপশু চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে। এ বিষয়ে প্রশাসনের নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।




















