কালীগঞ্জের বাসাইর জামালপুর বাজারে মোবাইল কোর্ট: বিভিন্ন অনিয়মে ৫ ব্যবসায়ীকে জরিমানা
- আপডেট সময় : ১০:১৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ৬৭ বার পড়া হয়েছে
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাসাইর জামালপুর বাজারে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৫ ব্যবসায়ীকে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
বৃহস্পতিবার ১২/০৩/২০২৬ দুপুরে কালীগঞ্জ উপজেলা ভূমি কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) সারোয়ার লিমার নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযান চলাকালে দেখা যায়, বাজারের বেশ কয়েকটি প্রতিষ্ঠানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন করা হয়নি এবং কিছু ব্যবসায়ী প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন ছাড়াই ব্যবসা পরিচালনা করছেন। এছাড়া এলপিজি গ্যাস সিলিন্ডার নির্ধারিত মূল্যের বেশি দামে বিক্রির অভিযোগও পাওয়া যায়।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/12/রাসিকের-ট্যাক্সেশন-কর্মক/
মোবাইল কোর্টে দুর্জয় নন্দী (পিতা: লিটন নন্দী)-কে লাইসেন্স ও মূল্য তালিকা না থাকায় ৩ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। মোমেন স্টোরের স্বত্বাধিকারী মোমেন (পিতা: হারিজ উদ্দিন)-কে মূল্য তালিকা প্রদর্শন না করায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া মোঃ শামীম ভূইয়া (পিতা: আব্দুল মান্নান)-কে লাইসেন্স ও মূল্য তালিকা না থাকায় ৩ হাজার টাকা, মোঃ আলী আজগর (পিতা: হোসেন আলী)-কে পাটজাত মোড়কবিহীন চালের বস্তা রাখার দায়ে ১ হাজার টাকা এবং মোঃ রেজাউল হক মির্জা (পিতা: আব্দুল লতিফ মির্জা)-কে মূল্য তালিকা ছাড়া গ্যাস সিলিন্ডার বিক্রয় ও লাইসেন্স নবায়ন না থাকায় ১ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/12/চুয়াডাঙ্গায়-ভোক্তা-অধি/
অভিযান শেষে প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং ভবিষ্যতে নিয়ম মেনে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়। বাজারে ভোক্তা অধিকার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সঠিক মূল্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।




















