ঈদের কেনাকাটায় গিয়ে পকেটমারের শিকার ভুক্তভোগী, র্যাবের অভিযানে টাকা উদ্ধার ও আসামি গ্রেপ্তার
- আপডেট সময় : ০৩:৩৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬ ৫৪ বার পড়া হয়েছে
পঞ্চগড়ের দেবীগঞ্জে ঈদের কেনাকাটা করতে গিয়ে পকেটমারের শিকার হওয়া এক ব্যক্তির টাকা উদ্ধার করেছে র্যাব১৩ নীলফামারী। এ ঘটনায় এক পকেটমারকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার সন্ধ্যা ৭টায় র্যাব-১৩ সিপিসি-২, নীলফামারী ক্যাম্পে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গত ১১ মার্চ ২০২৬ তারিখে পঞ্চগড় জেলার বোদা উপজেলার বোদা পৌরসভার বোদা বাজারে ঈদের কেনাকাটা করতে যান ভুক্তভোগী মো. হাবিবুর রহমান (৫০)। তিনি জামাকাপড় দেখার সময় পকেটে থাকা প্রায় ১৩ হাজার টাকা কৌশলে চুরি করে নেয় পকেটমার চক্রের সদস্য। পরে বিষয়টি বুঝতে পেরে তিনি হতবাক হয়ে পড়েন এবং ঘটনাটি দ্রুত এলাকায় আলোচনার সৃষ্টি করে। ঘটনার পর বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করে। এর ধারাবাহিকতায় র্যাব-১৩, সিপিসি-২ নীলফামারী ক্যাম্পের একটি আভিযানিক দল গত ১৫ মার্চ ২০২৬ তারিখ ভোর ৩টা ৩০ মিনিটে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সরদারপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/16/আলমডাঙ্গায়-মাদ্রাসা-ও-এ/
অভিযানে মো. আনোয়ার হোসেন (৪০), পিতা—মৃত হিমায়েত আলী, সাং—চিটাগুড়ি, ৪ নম্বর ওয়ার্ড, দেবীগঞ্জ পৌরসভা, জেলা—পঞ্চগড়-কে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৭,৫০০ (সাত হাজার পাঁচশ) টাকা উদ্ধার করা হয়। র্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামি দীর্ঘদিন ধরে বিভিন্ন বাজারে ভিড়ের সুযোগ নিয়ে মানুষের পকেট থেকে টাকা ও মূল্যবান সামগ্রী চুরি করে আসছিল। মানুষ যখন দোকানে কেনাকাটায় ব্যস্ত থাকে, তখন সে কৌশলে পকেট থেকে টাকা বা মোবাইল ফোন সরিয়ে নিত। প্রেস ব্রিফিংয়ে উপস্থিত হয়ে ভুক্তভোগী বলেন, “আমি আমার টাকা ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছি। র্যাবকে ধন্যবাদ জানাই।”
র্যাব আরও জানায়, আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এ ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।




















