রাস লাফানে ক্ষেপণাস্ত্র হামলা: কাতারের গ্যাসে ধাক্কা, ঝুঁকিতে বাংলাদেশ-ভারত-পাকিস্তান
- আপডেট সময় : ০৫:৩৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ ৮৭ বার পড়া হয়েছে
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে হামলার শিকার হয়েছে কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে সেখানে দু’বার ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। ইরানের এই ক্ষেপণাস্ত্র হামলায় ওই গ্যাসক্ষেত্রে ‘ব্যাপক ক্ষয়ক্ষতি’ হয়েছে। এ ঘটনার জেরে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়েছে বাংলাদেশ, ভারতও পাকিস্তান। কেননা, গ্যাস সংকটের কারণে এই তিন দেশে বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাট ও শিল্পকারখানায় উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এ দেশগুলোর তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির এক বড় অংশই আসে কাতার থেকে। কাতারের প্রায় সব প্রাকৃতিক গ্যাস রাস লাফানে প্রক্রিয়াজাত ও সেখান থেকে রপতানি করা হয়।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/15/মজা-করার-জন্য-খারগ-দ্বীপে/
জ্বালানি খাতের তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ‘কেপলার’-এর মতে, পাকিস্তান ও বাংলাদেশ তাদের এলএনজি আমদানির যথাক্রমে ৯৯ শতাংশ ও ৭০ শতাংশ পায় কাতার থেকে। অন্যদিকে বাজার গবেষণা প্রতিষ্ঠান ‘এসঅ্যান্ডপি গ্লোবাল’-এর তথ্যানুযায়ী, ভারত তাদের এলএনজি চাহিদার ৪০ শতাংশের বেশি কাতার থেকে সংগ্রহ করে। রাস লাফান স্থাপনার পরিচালক ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কাতার এনার্জি চলতি মাসের শুরুর দিকে এলএনজি ও সংশ্লিষ্ট পণ্যের উৎপাদন স্থগিত করেছিল। তবে সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলা ও ক্ষয়ক্ষতির কারণে স্বাভাবিক উৎপাদনে ফিরতে কোম্পানিটির অনেক বেশি সময় লেগে যেতে পারে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/16/ট্রাম্পের-আহ্বান-সত্ত্বে/
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে হামলা-পাল্টা হামলায় জ্বলছে গোটা মধ্যপ্রাচ্য। ওই দিন প্রথমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর হামলা শুরু করে। ইরানও তাৎক্ষণিক পাল্টা জবাব দিতে শুরু করে। সেই থেকে এই যুদ্ধ অব্যাহত রয়েছে। চলমান এই যুদ্ধ এখন আর কেবল সামরিক ঘাঁটিতে সীমাবদ্ধ নেই; এটি সরাসরি বৈশ্বিক জ্বালানি উৎপাদনের হৃৎপিণ্ডে আঘাত হেনেছে। সম্প্রতি ইরানে বিশ্বের বৃহত্তম গ্যাসক্ষেত্র সাউথ পারসে হামলা চালায় ইসরায়েল। পরবর্তীতে সৌদি আরব, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন তেল ও গ্যাসক্ষেত্রে তেহরানের পাল্টা হামলা এই যুদ্ধকে এক নতুন ও বিপজ্জনক মাত্রায় নিয়ে গেছে।
























