ইরান-ইসরায়েল উত্তেজনা: আলমডাঙ্গায় কবিতায় প্রতিবাদ, কণ্ঠে শান্তির আহ্বান
- আপডেট সময় : ১২:৪৫:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬ ২২৬ বার পড়া হয়েছে
বিশ্বজুড়ে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এক ব্যতিক্রমধর্মী আয়োজন অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদ সমাবেশের পাশাপাশি কবিতাপাঠের মাধ্যমে মানবতার পক্ষে এবং যুদ্ধবিরোধী চেতনায় সোচ্চার হয়েছেন স্থানীয় সাহিত্যিক ও সাংস্কৃতিক কর্মীরা। গতকাল বেলা ১২টায় আলমডাঙ্গার আলিফ উদ্দিন মোড়ে সম্মিলিত লেখক জোট, আলমডাঙ্গার উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন এলাকার বিশিষ্ট কবি, সাহিত্যিক, গবেষক ও সংস্কৃতিকর্মীরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কথাসাহিত্যিক পিন্টু রহমান। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “বিশ্ব রাজনীতির এই অস্থির সময়ে নিরীহ মানুষের জীবন সবচেয়ে বেশি বিপন্ন হচ্ছে। শক্তির রাজনীতির বিরুদ্ধে আমাদের কলমই হতে পারে প্রতিবাদের শক্তিশালী মাধ্যম।”সমাবেশে আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বক্তারা মার্কিন সাম্রাজ্যবাদ ও ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানান। তারা বলেন, ইরানের ওপর এই হামলা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/19/ঈদকে-ঘিরে-শাহজাদপুরে-জমজ/
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল কবিতাপাঠ পর্ব। কথাসাহিত্যিক ও কবি মোস্তাফিজ ফরায়েজী, কবি নাদিউজ্জামান রিজভী এবং গবেষক ও মানবাধিকার কর্মী খাইরুল ইসলাম তাঁদের কবিতায় যুদ্ধের ভয়াবহতা, নিপীড়িত মানুষের আর্তনাদ এবং শান্তির আকাঙ্ক্ষা তুলে ধরেন। কবিতার প্রতিটি পঙক্তিতে ফুটে ওঠে প্রতিবাদ, মানবতা এবং বিশ্বশান্তির আহ্বান। এছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইকবাল হোসেন মিয়া, কবি ও কথাশিল্পী আনোয়ার রশীদ সাগর, কবি ও গবেষক কহন কুদ্দুস, কবি ও প্রকাশক আতিকুর ফরায়েজী, কবি গোলাম রহমান চৌধুরী এবং সাংস্কৃতিক কর্মী সাদ আহমেদসহ আরও অনেকে। বক্তারা একবাক্যে বলেন, “যুদ্ধ কখনোই কোনো সমস্যার সমাধান নয়; বরং তা মানবসভ্যতার জন্য চরম হুমকি। বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠা এবং নিপীড়িত মানুষের পাশে দাঁড়াতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”কবিতা, প্রতিবাদ আর সচেতনতার সম্মিলনে এই আয়োজন শুধু একটি সমাবেশেই সীমাবদ্ধ থাকেনি; বরং এটি হয়ে উঠেছে মানবতা, ন্যায়বিচার ও বিশ্বশান্তির পক্ষে এক শক্তিশালী সাংস্কৃতিক উচ্চারণ।




















