স্বজনপ্রীতি ও অনিয়মে তেল বিক্রি চুয়াডাঙ্গায় পাম্প ম্যানেজারকে জরিমানা
- আপডেট সময় : ১০:৩৮:০৬ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬ ৬১ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া এলাকায় একটি ফিলিং স্টেশনে স্বজনপ্রীতি ও অনিয়মের মাধ্যমে তেল বিক্রির অভিযোগে পাম্প ম্যানেজারকে জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। রোববার (২৯ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে সদর থানাধীন আলোকদিয়া ইউনিয়নের আলোকদিয়া বাজারে অবস্থিত মেসার্স বিশ্বাস ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, দীর্ঘ সময় ধরে লাইনে অপেক্ষমাণ সাধারণ ক্রেতাদের উপেক্ষা করে সিরিয়াল ভঙ্গের মাধ্যমে পরিচিত ও প্রভাবশালী ব্যক্তিদের অগ্রাধিকার দিয়ে তেল সরবরাহ করা হচ্ছিল। এতে সেখানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় এবং ক্ষোভের সৃষ্টি হয় সাধারণ মানুষের মধ্যে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/30/সরকারি-মুকসুদপুর-কলেজের/
অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল নাঈম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিশ্বাস ফিলিং স্টেশনের ম্যানেজার হিসেবে দায়িত্বে থাকা মো. আল-বেলালকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল নাঈম বলেন, “অনেকেই রাত থেকেই তেল নেওয়ার জন্য লাইনে অপেক্ষা করছিলেন। কিন্তু নির্ধারিত নিয়ম না মেনে কিছু নির্দিষ্ট ব্যক্তিকে অগ্রাধিকার দিয়ে তেল দেওয়া হচ্ছিল, যা সম্পূর্ণ অনিয়ম। ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়ায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।”
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/30/দেবহাটায়-সাংবাদিক-নির্য/
তিনি আরও জানান, ভবিষ্যতে এ ধরনের অনিয়ম প্রতিরোধে সংশ্লিষ্ট ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে। একইসঙ্গে স্বজনপ্রীতি পরিহার করে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে এবং নির্ধারিত সিরিয়াল অনুযায়ী তেল বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে। স্থানীয়দের মতে, জ্বালানি সংকটের সময়ে এ ধরনের অনিয়ম সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়িয়ে দেয়। তারা প্রশাসনের এ ধরনের তৎপরতা অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।























