নরসিংদী জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার
- আপডেট সময় : ০৫:৪৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ ৬৬ বার পড়া হয়েছে
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নরসিংদী জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা ও বর্ষীয়ান রাজনীতিবিদ তোফাজ্জল হোসেন মাস্টার। রাষ্টপতির আদেশক্রমে ৩১ মার্চ ২০২৬ তারিখে উপসচিব খন্দকার ফরহাদ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, নিয়োগপ্রাপ্ত প্রশাসকগণ ‘জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ৩ দ্বারা সংশোধিত জেলা পরিষদ আইন, ২০০০-এর সন্নিবেশিত ধারা ৮২ক(৩) অনুযায়ী জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। পাশাপাশি তারা বিধি মোতাবেক ভাতা প্রাপ্য হবেন। এ আদেশ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/31/ভারতের-বিহারে-মন্দিরে-পু/
তোফাজ্জল হোসেন মাস্টার নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি রাজনৈতিক অঙ্গনে সক্রিয় থেকে দলীয় কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তিনি নরসিংদীর শিবপুর উপজেলার বাসিন্দা। এ নিয়োগকে ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। তারা আশা করছেন, তার অভিজ্ঞতা, নেতৃত্ব ও দেশপ্রেম নরসিংদী জেলা পরিষদের কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও জনকল্যাণমুখী করে তুলবে।




















