দোয়ারাবাজারে অসহায় মুচি মং লাল রবিদাসের মানবেতর জীবনযাপন, নেই মাথা গোঁজার ঠাঁই
- আপডেট সময় : ১২:৩৮:৩১ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬ ৫২ বার পড়া হয়েছে
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের মঙ্গলপুর বাজার এলাকার ডাউকেরকাড়া গ্রামের বাসিন্দা, মৃত ছাওরবি দাসের পুত্র মং লাল রবিদাস আজ চরম দারিদ্র্য ও অসহায়ত্বের মধ্যে দিন কাটাচ্ছেন। তার বসতঘরের উপরে নেই কোনো ছাউনি, ভাঙাচোরা ঘরে নেই দরজা-জানালাও। ফলে মানবেতর অবস্থায় জীবনযাপন করছেন তিনি।
অভিযোগ রয়েছে, সমাজে অসহায় হওয়ায় তার কথার কোনো মূল্য নেই। কেউ এগিয়ে আসেনি তার পাশে দাঁড়াতে। সোমবার (১ এপ্রিল) বিকেলে মঙ্গলপুর বাজারে সাংবাদিকদের কাছে নিজের দুঃখের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মং লাল রবিদাস। তিনি বলেন, “এই সমাজে আমার কথা কেউ শোনে না। দীর্ঘদিন ধরে আমি একা থাকি। আমার স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে থাকলেও তারা আমাকে ছেড়ে চলে গেছে।”
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/01/চুয়াডাঙ্গায়-বাড়িতে-মজ/
তিনি আরও জানান, বসবাসের মতো ন্যূনতম ব্যবস্থা না থাকায় পরিবার তার সঙ্গে থাকতে পারেনি। ঘরের ছাউনি না থাকায় বৃষ্টি-রোদে চরম কষ্টে দিন কাটাতে হচ্ছে তাকে। মং লাল রবিদাস সরকারের কাছে আকুল আবেদন জানিয়ে বলেন, “আমাকে যদি একটু টিন দিয়ে থাকার মতো একটি ঘর করে দেওয়া হয়, তাহলে আমি আবার পরিবার নিয়ে একসঙ্গে থাকতে পারব। এটাই আমার একমাত্র চাওয়া।”
এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/01/তেলের-জন্য-রাতভর-অপেক্ষা/
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার প্রথমে বিষয়টি তুলে ধরার জন্য সাংবাদিকদের ধন্যবাদ জানান। তিনি বলেন, “এ ধরনের মানবিক বিষয় গণমাধ্যমে প্রকাশ পাওয়ায় আমরা দ্রুত অবগত হতে পারি।” তিনি আরও জানান, ভুক্তভোগী বা তার পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক আবেদন পেলে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। “আবেদন পাওয়ার পর সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে,”—বলেন তিনি।
























