সরোজগঞ্জ ফিলিং স্টেশনে শৃঙ্খলায় ফিরেছে স্বস্তি
- আপডেট সময় : ১২:২৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬ ৭৬ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার সরোজগঞ্জ এলাকার মেসার্স মনিরুল ইসলাম ফিলিং স্টেশনে অবশেষে ফিরেছে শৃঙ্খলা। ফুয়েল কার্ডধারী মোটরসাইকেল আরোহীদের অগ্রাধিকার দিয়ে সুশৃঙ্খল পরিবেশে তেল বিতরণ কার্যক্রম পরিচালনার ফলে স্বস্তি ফিরে পেয়েছেন সাধারণ গ্রাহকরা। ফিলিং স্টেশন এলাকায় দেখা যায় এক ভিন্ন চিত্র—না আছে বিশৃঙ্খলা, না ধাক্কাধাক্কি। লাইনে দাঁড়িয়ে পর্যায়ক্রমে তেল নিচ্ছেন গ্রাহকরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যাদের কাছে বৈধ ফুয়েল কার্ড রয়েছে, তাদের নির্ধারিত পরিমাণ তেল দেওয়া হচ্ছে। ফলে অনিয়ম ও অতিরিক্ত চাপ অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।এই শৃঙ্খলা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে পুলিশ প্রশাসন। সিন্দুরিয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা সরেজমিনে উপস্থিত থেকে পুরো কার্যক্রম তদারকি করছেন। তাদের তৎপরতায় লাইনে শৃঙ্খলা বজায় থাকছে এবং কেউ নিয়ম ভঙ্গ করার সুযোগ পাচ্ছে না।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/02/আমিরাতের-প্রেসিডেন্টকে-প/
স্থানীয়দের ভাষ্য, কয়েকদিন আগেও যেখানে তেল নিতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হতো, সেখানে এখন অনেকটাই স্বস্তিতে তেল সংগ্রহ করা যাচ্ছে। একজন মোটরসাইকেল আরোহী বলেন, “আগে তেল নিতে এসে অনেক ভোগান্তি পোহাতে হতো। এখন পুলিশ থাকায় সবকিছু নিয়মের মধ্যে হচ্ছে, খুব সহজেই তেল পাচ্ছি।”সিন্দুরিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ শরিয়তুল্লাহ জানান, “ফুয়েল কার্ডধারী প্রকৃত গ্রাহকরা যেন নির্ধারিত পরিমাণ তেল পান, তা নিশ্চিত করতেই আমরা মাঠে কাজ করছি। কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনিয়ম বরদাশত করা হবে না।”
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/02/জ্বালানি-সংকটে-সিএনজির-চ/
ফিলিং স্টেশনের মালিক মনিরুল ইসলাম বলেন, “প্রশাসনের সহযোগিতায় আমরা সুশৃঙ্খলভাবে তেল বিতরণ করতে পারছি। আগে ভিড়ের কারণে অনেক সমস্যা হতো, এখন সবাই নিয়ম মেনে তেল নিচ্ছেন। আমরা চাই এই পরিবেশ ভবিষ্যতেও বজায় থাকুক।” সার্বিকভাবে বলা যায়, প্রশাসনের কঠোর নজরদারি ও কার্যকর ব্যবস্থাপনার ফলে সরোজগঞ্জ ফিলিং স্টেশনে শৃঙ্খলা ফিরে এসেছে। এতে যেমন কমেছে ভোগান্তি, তেমনি প্রকৃত গ্রাহকরা পাচ্ছেন তাদের ন্যায্য প্রাপ্য। স্থানীয়দের প্রত্যাশা, এ ধারা অব্যাহত থাকলে জ্বালানি বিতরণ ব্যবস্থায় স্থায়ী শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে।






















