সরকারি হাসপাতালে সেবা সংকটে ক্ষোভ, ডায়াগনস্টিকে ভিড় দেখে উষ্মা ডেপুটি স্পিকারের
- আপডেট সময় : ০৪:২০:২৮ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬ ৬০ বার পড়া হয়েছে
নেত্রকোনার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবার মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। শুক্রবার বিকেলে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে হাসপাতালের প্রধান ফটকের পাশের একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে রোগীর অস্বাভাবিক ভিড় দেখে তিনি সেখানে প্রবেশ করেন।
এ সময় তিনি বলেন, “হাসপাতালের চেয়ে আপনাদের চেম্বারে রোগী বেশি—কী যে জাদু করেছেন আপনারা।” রোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, সরকারি হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সময়মতো না হওয়ায় তারা বাধ্য হয়ে বাইরে ক্লিনিকে যাচ্ছেন। এতে তাদের অতিরিক্ত খরচ বহন করতে হচ্ছে। একাধিক রোগী অভিযোগ করেন, হাসপাতালে পরীক্ষা দিতে বলা হলেও সেগুলো বাইরে করতে হয়। ফলে সময় নষ্ট হওয়ার পাশাপাশি আবার বেসরকারি চিকিৎসকের কাছে অতিরিক্ত ফি দিয়ে চিকিৎসা নিতে হচ্ছে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/04/মাদারগঞ্জে-ঝারকাটা-নদীর/
এক নারী রোগী জানান, হাসপাতালে সেবা না পেয়ে বাইরে পরীক্ষা করতে গিয়ে তার প্রায় দেড় হাজার টাকা খরচ হয়েছে, যেখানে সরকারি হাসপাতালে তা অনেক কমে করা সম্ভব ছিল। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ডেপুটি স্পিকার সংশ্লিষ্ট চিকিৎসক ও কর্মকর্তাদের নির্দেশ দেন, যেন রোগীরা হাসপাতালে প্রয়োজনীয় সেবা পান এবং বাইরে যেতে বাধ্য না হন।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/04/শরীয়তপুরে-পুলিশের-অভিযা/
তিনি রোগীদের আশ্বস্ত করে বলেন, সেবা না পেলে সরাসরি অভিযোগ জানানোর সুযোগ রয়েছে এবং বিষয়গুলো গুরুত্বসহকারে দেখা হবে। অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বেশিরভাগ সেবা চালু থাকলেও জনবল সংকটের কারণে এক্স-রে সেবা বন্ধ রয়েছে, যা দ্রুত চালুর চেষ্টা চলছে।




















