স্বামীর নির্যাতনের অভিযোগে কুলাউড়ায় গৃহবধূর বিষপানে মৃত্যু, স্বামী গ্রেপ্তার
- আপডেট সময় : ১১:২৮:৫২ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬ ৬২ বার পড়া হয়েছে
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় স্বামীর নির্যাতনের অভিযোগে হেপি বেগম (২৬) নামে এক গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে উপজেলার বরমচাল ইউনিয়নের আলীনগর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে স্বামীর সঙ্গে বিরোধের একপর্যায়ে বিষপান করেন হেপি বেগম। গুরুতর অসুস্থ অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/04/কালিয়াকৈরে-বাস-চুরি-বগু/
নিহতের পরিবারের অভিযোগ, স্বামী আমির হোসেন ওরফে আলম মিয়া অন্য এক নারীর সঙ্গে সম্পর্কে জড়িত ছিলেন। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার রাত ১০টার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে স্বামী তাকে মারধর করেন। এর কিছু সময় পর রাত ১১টার দিকে নিজ শয়নকক্ষে বিষপান করেন হেপি।
এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে নিহতের পিতা কুলাউড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/04/মালয়েশিয়া-থেকে-৩৪-হাজা/
কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) প্রদ্যুৎ ঘোষ চৌধুরী জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে অভিযুক্ত স্বামী আমির হোসেন ওরফে আলম মিয়াকে গ্রেপ্তার করেছে। তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।




















