আলমডাঙ্গায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ডেকোরেশন মিস্ত্রি মিজানুরকে বাঁচাতে দরকার মানবতার হাত
- আপডেট সময় : ০৫:৩০:৩২ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬ ৮৫ বার পড়া হয়েছে
জীবন যেন কখনো কখনো নির্মম গল্প লিখে—যেখানে এক মুহূর্তেই সবকিছু থেমে যায়। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঠিক তেমনই এক হৃদয়বিদারক বাস্তবতার মুখোমুখি হয়েছেন ডেকোরেশন মিস্ত্রি মোঃ মিজানুর রহমান। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আজ তিনি অসহায়, আর তার পরিবার তাকিয়ে আছে মানবতার দিকে। আলমডাঙ্গা পৌর এলাকার এরশাদপুর গ্রামের এই পরিশ্রমী মানুষটি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। প্রতিদিনের শ্রম আর ঘামের বিনিময়ে চলত তার তিন সন্তানসহ ছোট্ট সংসার। অভাব ছিল, কিন্তু ছিল না হতাশা।
কিন্তু ভাগ্যের নির্মম আঘাতে সেই সংগ্রামী জীবনের চাকা আজ থমকে গেছে। গত বৃহস্পতিবার (২এপ্রিল) সকাল আনুমানিক ১০টার দিকে আলমডাঙ্গা আনন্দ ধামে একটি সজনে গাছে কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন মিজানুর রহমান। দুর্ঘটনায় তার কোমর (মাজা) ভেঙে যায়। পরবর্তীতে শনিবার (৪ এপ্রিল) কুষ্টিয়ার পপুলার ডায়াগনস্টিক সেন্টারে এমআরআই পরীক্ষায় তার আঘাতের ভয়াবহতা ধরা পড়ে।চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তাকে দ্রুত একটি জটিল অপারেশন করাতে হবে। কিন্তু সেই অপারেশনের জন্য প্রয়োজন বিপুল অর্থ—যা তার অসচ্ছল পরিবারের পক্ষে কোনোভাবেই বহন করা সম্ভব নয়। বর্তমানে শয্যাশায়ী মিজানুর রহমান নিঃশব্দে লড়ছেন বেঁচে থাকার জন্য।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/05/যাকাত-আদায়ে-বৈষম্য-দূর-ক/
আর তার পাশে বসে স্ত্রীর নিরব কান্না যেন এক অসহায়তার প্রতীক হয়ে উঠেছে। তিনটি ছোট সন্তান, যার মধ্যে একটি মেয়ে—তাদের চোখে এখন শুধুই ভয়, অনিশ্চয়তা আর বাবাকে হারানোর আশঙ্কা। পরিবার ও প্রতিবেশীরা জানান, মিজানুর রহমান ছিলেন অত্যন্ত সৎ ও পরিশ্রমী একজন মানুষ। কারো কাছে কখনো হাত পাতেননি। নিজের কষ্টার্জিত আয়ে পরিবার চালিয়েছেন সৎভাবে। অথচ আজ সেই মানুষটিই সবার কাছে সাহায্যের আবেদন হয়ে দাঁড়িয়েছেন। একজন প্রতিবেশী কান্নাজড়িত কণ্ঠে বলেন, “মিজানুর খুব ভালো মানুষ। নিজের কষ্টের টাকায় সংসার চালাত। আজ তার এমন অবস্থা—আমরা সহ্য করতে পারছি না। আপনারা একটু সাহায্য করেন, মানুষটাকে বাঁচান। ”দারিদ্র্যের ঘন অন্ধকারে ডুবে যাওয়া এই পরিবারের একমাত্র আশার আলো এখন সমাজের সহানুভূতিশীল মানুষজন। একটু সহমর্মিতা, সামান্য আর্থিক সহায়তা—এই মুহূর্তে সেটিই হতে পারে একটি পরিবারের বেঁচে থাকার শেষ ভরসা।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/05/অবহেলায়-মৃত্যুফাঁদ-আলম/
মিজানুর রহমানের পরিবার দেশ-বিদেশের সকল হৃদয়বান মানুষের কাছে আকুল আবেদন জানিয়েছে—তাদের পাশে দাঁড়ানোর জন্য। আপনার সামান্য সহযোগিতাই হয়তো ফিরিয়ে দিতে পারে একজন বাবাকে তার সন্তানের কাছে, একজন স্বামীকে তার স্ত্রীর কাছে, আর একটি পরিবারকে অন্ধকার থেকে আলোয়।
সাহায্যের জন্য যোগাযোগ (বিকাশ):
📞 01775778533
📞 01941-761820
আসুন, মানবতার হাত বাড়াই—কারণ মানুষের জন্য মানুষই শেষ আশ্রয়।




















