জ্বালানি সংকটে বিপাকে খোকসার কৃষক,বোরো ধান আবাদে চরম অনিশ্চয়তা
- আপডেট সময় : ০৯:৪২:২৩ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬ ১৩৫ বার পড়া হয়েছে
কুষ্টিয়ার খোকসা উপজেলায় তীব্র জ্বালানি সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন কৃষকেরা। ঘণ্টার পর ঘণ্টা তেলের জন্য ফিলিং স্টেশনের লাইনে দাঁড়িয়ে থেকেও প্রয়োজনীয় ডিজেল পাচ্ছেন না তারা। ফলে চলতি মৌসুমের বোরো ধানসহ বিভিন্ন কৃষি আবাদ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সেচ পাম্প চালানোর জন্য প্রয়োজনীয় জ্বালানি সংগ্রহ করতে না পেরে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন কৃষকেরা। অনেকেই দিনের পর দিন চেষ্টা করেও পর্যাপ্ত তেল না পাওয়ায় সময়মতো জমিতে পানি দিতে পারছেন না। এতে ফসল উৎপাদন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয় কৃষকদের অভিযোগ, তেলের সংকট দীর্ঘস্থায়ী হলে তাদের বোরো আবাদ বড় ধরনের ক্ষতির মুখে পড়বে। একাধিক কৃষক ক্ষোভ প্রকাশ করে বলেন, “এভাবে চলতে থাকলে ফসল নষ্ট হয়ে যাবে। আমরা মারাত্মক লোকসানের মুখে পড়ব।”
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/06/জীবননগরে-কৃষিতে-স্বস্তির/
এ বিষয়ে খোকসা উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা জানান, জ্বালানি তেলের বিষয়টি কৃষি বিভাগের নিয়ন্ত্রণে নয়; এটি উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত হয়। তবে সরকার নির্ধারিত নীতিমালা অনুযায়ী কৃষকরাও জ্বালানি তেল পাচ্ছেন বলে তিনি উল্লেখ করেন। এদিকে কৃষকদের দাবি, দ্রুত জ্বালানির সরবরাহ স্বাভাবিক করে কৃষি খাতে অগ্রাধিকার ভিত্তিতে ডিজেল নিশ্চিত করতে হবে। অন্যথায় চলতি মৌসুমে খাদ্য উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।




















