আলমডাঙ্গায় জ্বালানি তেল বিতরণে কঠোর নজরদারি, কাগজপত্র না থাকায় ৬ চালককে জরিমানা
- আপডেট সময় : ০১:১১:২৭ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা উপজেলায় জ্বালানি তেল বিক্রিকে কেন্দ্র করে প্রশাসনের ব্যাপক তৎপরতা নতুন করে আলোচনায় এসেছে। তেলের সরবরাহ ও বিতরণে শৃঙ্খলা নিশ্চিত করতে মাঠে নেমেছে উপজেলা ও জেলা প্রশাসন। বিশেষ করে মোটরসাইকেল চালকদের ক্ষেত্রে বৈধ কাগজপত্র যাচাই-বাছাইয়ে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। আলমডাঙ্গা শহরের হক ফিলিং স্টেশন ও উত্তরা ফিলিং স্টেশনে একযোগে পেট্রোল বিক্রি শুরু হয়। হক ফিলিং স্টেশনে ৩ হাজার লিটার পেট্রোল অল্প সময়েই শেষ হয়ে যায়।
অন্যদিকে উত্তরা ফিলিং স্টেশনে ৮ হাজার লিটার পেট্রোল বিক্রি বিকেল পর্যন্ত চলতে থাকে। তেল সংগ্রহে আসা মোটরসাইকেল চালকদের লাইনে দাঁড়িয়ে দীর্ঘ অপেক্ষা করতে দেখা যায়। এ সময় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল মোঃ ছফিউল্লাহ সরেজমিনে উপস্থিত থেকে কাগজপত্র যাচাই করেন। পাশাপাশি শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতেও পরিচালিত হয় তল্লাশি কার্যক্রম। অভিযানে বৈধ কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ জন মোটরসাইকেল চালককে মোট ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। জরিমানাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন—পাচলিয়া গ্রামের শহিদুল ইসলাম, দুর্লভপুরের জিন্নাত আলী, বাড়াদির জহির উদ্দিন, আসাননগরের নাজমুল ইসলাম, বাবুপাড়ার মিল্টন আলীসহ আরও একজন চালক।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/08/আলমডাঙ্গায়-জামায়াতের-র/
প্রশাসন স্পষ্টভাবে জানিয়েছে, শুধুমাত্র বৈধ ফুয়েল কার্ডধারীরাই পেট্রোল সংগ্রহ করতে পারবেন। এ ক্ষেত্রে ফুয়েল কার্ডের পাশাপাশি ড্রাইভিং লাইসেন্স, গাড়ির রেজিস্ট্রেশন, ট্যাক্স টোকেন এবং প্রয়োজনে জাতীয় পরিচয়পত্র প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে। এদিকে পৌরসভার এরশাদপুর এলাকায় মেসার্স ইব্রাহীম ট্রেডার্স এজেন্ট পয়েন্টে সকাল ৯টা থেকে ৯ হাজার লিটার ডিজেল বিক্রি শুরু হয়। কৃষকদের সুবিধার্থে উপজেলা কৃষি অফিসের সুপারিশ ও প্রত্যয়ন সাপেক্ষে ডিজেল সংগ্রহের সুযোগ রাখা হয়েছে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/08/সংরক্ষিত-নারী-আসনের-ভোট-১/
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে দায়িত্ব পালন করেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বানী ইসরাইল, পুলিশ পরিদর্শক (তদন্ত) আজগর আলী এবং পুলিশ পরিদর্শক (অপারেশন) হোসেন আলীসহ অন্যান্য সদস্যরা। এছাড়া দুইটি ফিলিং স্টেশনে উপজেলা পরিষদের পক্ষ থেকে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জ্বালানি তেল বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করা এবং অবৈধ কার্যক্রম প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।























