হরমুজ প্রণালি দিয়ে চলাচলে টোল আরোপের ইঙ্গিত ইরানের
- আপডেট সময় : ০২:২৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬ ৫৮ বার পড়া হয়েছে
মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোর ওপর টোল আরোপের ইঙ্গিত দিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জাহাজগুলোকে আগাম অনুমতি নেওয়া ও নির্দিষ্ট টোল পরিশোধের নির্দেশনা দিচ্ছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, অনুমতি ছাড়া প্রণালীতে প্রবেশ করলে হামলার ঝুঁকি থাকতে পারে বলে কিছু জাহাজের ক্রুদের সতর্ক করা হয়েছে। একই সঙ্গে আগেই ট্রানজিট অনুমোদন নিতে হবে এবং টোল নির্ধারণ করতে হবে।
পেমেন্টের ক্ষেত্রে ডলারের পরিবর্তে বিটকয়েন বা চীনা ইউয়ান ব্যবহারের নির্দেশনা দেওয়া হচ্ছে। বিশ্লেষকদের মতে, পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে ডলার লেনদেন সীমিত হওয়ায় বিকল্প এই পদ্ধতি বেছে নিয়েছে তেহরান। জাহাজ চলাচলের জন্য নির্দিষ্ট রুটও নির্ধারণ করা হয়েছে—কেশম ও লারাক দ্বীপের মাঝ দিয়ে ইরানের উপকূল ঘেঁষে চলতে হবে। ‘বন্ধুসুলভ’ কার্গো দ্রুত পারাপার পেলেও অন্যদের ক্ষেত্রে বিলম্ব বা নিষেধাজ্ঞা আরোপের আশঙ্কা রয়েছে।
আরও পড়ুৃন, https://www.dailyamaderpatrika.com/2026/04/08/হরমুজ-প্রণালী-খুলে-দেওয়/
অর্থনৈতিক দিক থেকে এর প্রভাবও বড় হতে পারে। তেলবাহী ট্যাংকারের ক্ষেত্রে ব্যারেলপ্রতি প্রায় ১ ডলার পর্যন্ত টোল নির্ধারণ হতে পারে, যা বড় সুপারট্যাংকারের জন্য মিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। বর্তমানে যুদ্ধ পরিস্থিতি ও উত্তেজনার কারণে প্রণালীতে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে। যেখানে আগে প্রতিদিন প্রায় ১৩৫টি জাহাজ চলাচল করত, এখন তা অনেক কম। উপসাগরে ৩০০ থেকে ৪০০ ট্যাংকার অপেক্ষমাণ রয়েছে, ফলে পুরো এলাকা কার্যত ‘পার্কিং লট’-এ পরিণত হয়েছে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/09/লেবাননেও-যুদ্ধবিরতি-প্রয/
আইনগত দিক থেকে বিষয়টি বিতর্কিত। সুয়েজ বা পানামা খালের মতো কৃত্রিম জলপথে টোল নেওয়া বৈধ হলেও হরমুজের মতো প্রাকৃতিক প্রণালীতে টোল আরোপ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গালফ দেশগুলোও এটিকে জাতিসংঘের সমুদ্র আইনের ‘নেভিগেশনের স্বাধীনতা’ নীতির পরিপন্থী বলে দাবি করছে। বিশ্লেষকদের মতে, সরাসরি যুদ্ধের বাইরে থেকেও ইরান এই পদক্ষেপের মাধ্যমে বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি বাজারে বড় ধরনের চাপ তৈরি করতে চাইছে।

























