চুয়াডাঙ্গায় ইটের আঘাতে স্বামী জখম, স্ত্রীই নিলেন হাসপাতালে
- আপডেট সময় : ০১:৪২:২৭ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ৯৫ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা সদর উপজেলার হাতিকাটা বাজারে পারিবারিক কলহের জেরে ঘটে গেল এক নাটকীয় ঘটনা—স্ত্রীর ইটের আঘাতে গুরুতর জখম হলেন স্বামী, আর সেই স্বামীকেই পরে নিজ উদ্যোগে হাসপাতালে নিয়ে গেলেন স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, আহত শিবলু হোসেন (২৯) পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি। তার মাথার টিউমার অপারেশনের জন্য জমানো প্রায় ৩০ হাজার টাকা নিয়ে তার স্ত্রী আসমানিক (১৯) বাবার বাড়িতে চলে যাওয়ার চেষ্টা করছিলেন—এমন অভিযোগ করেন শিবলু। এ নিয়ে হাতিকাটা মোড়ে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়, যা দ্রুত সংঘর্ষে রূপ নেয়। একপর্যায়ে শিবলু তার স্ত্রীকে ভ্যান থেকে নামিয়ে লাঠি দিয়ে মারধর করেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরিস্থিতির মুখে আত্মরক্ষার্থে আসমানিক রাস্তার পাশে পড়ে থাকা একটি ইট দিয়ে শিবলুর মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/09/অতিরিক্ত-দামে-সয়াবিন-তে/
ঘটনার পরপরই পরিস্থিতি পাল্টে যায়। আহত স্বামীকে ফেলে না রেখে স্ত্রী আসমানিক নিজেই স্থানীয়দের সহায়তায় দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, শিবলুর মাথায় একাধিক সেলাই দিতে হয়েছে। ঘটনার গুরুত্ব বিবেচনায় হাসপাতাল কর্তৃপক্ষ উভয়ের চিকিৎসা নথিতে ‘পুলিশ কেস’ হিসেবে উল্লেখ করেছে এবং চিকিৎসা শেষে চুয়াডাঙ্গা সদর থানায় যোগাযোগের নির্দেশ দিয়েছে।
এদিকে আসমানিক দাবি করেন, তার স্বামী দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত এবং পারিবারিক অশান্তি তাদের সংসারে নিয়মিত ঘটনা। তাদের একটি সন্তানও রয়েছে বলে তিনি জানান।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/11/হরিণাকুন্ডুতে-কৃষি-উৎপাদ/
সংবাদ সংগ্রহের সময় আহত শিবলু হোসেন প্রতিবেদককে সংবাদ প্রকাশ না করার জন্য হুমকি দেন। এ সময় উপস্থিত এএসআই প্রবীল তাৎক্ষণিক হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং সাংবাদিকের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করেন।ঘটনাটি ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে। পারিবারিক সহিংসতার এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।




















