আলমডাঙ্গা পৌরসভায় কুকুরের জলাতঙ্ক টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন
- আপডেট সময় : ০২:৩৫:২১ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬ ৭৯ বার পড়া হয়েছে
জনস্বাস্থ্য সুরক্ষা ও জলাতঙ্ক প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলমডাঙ্গা পৌরসভায় শুরু হয়েছে বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক টিকাদান ক্যাম্পেইন। রবিবার (১০ মে ২০২৬) সকালে আলমডাঙ্গা পৌরসভা প্রাঙ্গণে এ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌরসভার প্রশাসক জনাব পান্না আক্তার। তিনি বলেন, “জলাতঙ্ক একটি প্রাণঘাতী রোগ। সময়মতো কুকুরকে টিকা প্রদান ও জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে এ রোগ প্রতিরোধ সম্ভব। পৌর এলাকার মানুষকে নিরাপদ রাখতে এ ধরনের কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/10/দিনাজপুরে-বাহাদুর-বাজার/
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলমডাঙ্গা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এস এম মাহমুদুল হক। তিনি জানান, পৌর এলাকায় বেওয়ারিশ কুকুরদের পর্যায়ক্রমে টিকাদানের আওতায় আনা হবে। এর মাধ্যমে জলাতঙ্ক সংক্রমণের ঝুঁকি অনেকাংশে কমে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। আরও বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শারমীন আক্তার। তিনি বলেন, “জলাতঙ্কে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ। তাই প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণই সবচেয়ে কার্যকর উপায়।”
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/10/চুয়াডাঙ্গায়-কৃতি-শিক্ষ/
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলমডাঙ্গা পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম। তিনি বলেন, পৌর প্রশাসনের সার্বিক সহযোগিতায় এ টিকাদান কার্যক্রম সফলভাবে পরিচালিত হবে এবং ভবিষ্যতেও জনস্বার্থে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। উদ্বোধনী অনুষ্ঠানে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, প্রাণিসম্পদ বিভাগের প্রতিনিধি, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানা গেছে, প্রথম পর্যায়ে পৌর এলাকার বেওয়ারিশ কুকুরগুলোকে শনাক্ত করে জলাতঙ্কের টিকা প্রদান করা হবে। পাশাপাশি সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক প্রচারণাও চালানো হবে।




















