রিয়াদ-সিলেট সরাসরি ফ্লাইটের দাবিতে প্রবাসীদের সংবাদ সম্মেলন
- আপডেট সময় : ১০:২৪:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
“রিয়াদ টু সিলেট সরাসরি ফ্লাইট বাস্তবায়ন পরিষদ”-এর উদ্যোগে এক মতবিনিময় ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা, বিশেষ করে সিলেট বিভাগের মানুষদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা—রিয়াদ থেকে সিলেটে সরাসরি ফ্লাইট চালুর দাবিতে এ আয়োজন করা হয়।
(বৃহস্পতিবার) ৭ই মে সৌদিআরবের রিয়াদের একটি অভিজাত হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের আহ্বায়ক ও বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব, শিক্ষানুরাগী জনাব আব্দুল আজিজ মাসুক।
বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক, কুলাউড়া প্রবাসী পরিষদের উপদেষ্টা ও কুলাউড়া সরকারি ডিগ্রি কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সৌদি আরব শাখার আহ্বায়ক খালেদ শাহাবুদ্দীন, যুগ্ম আহ্বায়ক আলীম উদ্দীন মাহমুদ, সিলেট বিভাগ গণদাবী পরিষদের সভাপতি মৌলানা শাহেদ আহমদ, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি ইসমাইল হোসেন, আনজুমানে আল ইসলাহর সভাপতি ওয়ালিউর রহমান মানিক, কুলাউড়া প্রবাসী পরিষদের সাধারণ সম্পাদক শেখ ফয়েজ আহমদ, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের সভাপতি বুলবুল আহমদ এবং কুলাউড়া প্রবাসী পরিষদের উপদেষ্টা আবুল কালাম, ফারুক রশীদ চৌধুরীসহ সৌদি আরবের বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/10/জীবননগরে-পানের-বরজ-থেকে-৮/
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন বাস্তবায়ন কমিটির সহ-যুগ্ম সচিব মিছবাহ তফাদার ও ওয়াদুদ আহমদ। বক্তারা বলেন, সৌদি আরবে লক্ষাধিক সিলেটি প্রবাসী রয়েছেন, যাদের অধিকাংশকে বাড়ি ফেরার সময় ভিন্ন ভিন্ন পথে (দুবাই, দোহা কিংবা কুয়েত হয়ে) ঘুরে যেতে হয়, বা চট্টগ্রাম ও ঢাকা গিয়ে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। সরাসরি ফ্লাইট চালু হলে সময়, খরচ ও ভোগান্তি অনেকটাই কমবে। তারা বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট এয়ারলাইন্স কর্তৃপক্ষের কাছে জরুরি ভিত্তিতে রিয়াদ-সিলেট রুটে সরাসরি ফ্লাইট চালুর দাবি জানান।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/10/গাজীপুরে-পূবাইলে-কুলসুম/
সংবাদ সম্মেলনে সর্বস্তরের বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন। শেষে একটি স্মারকলিপি প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হয়, যা বাংলাদেশের প্রধানমন্ত্রী, বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট এয়ারলাইন্স কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হবে বলে জানান আয়োজকরা।





















