আজ বিক্রি শুরু ২৬ মে’র ঈদযাত্রার ট্রেন টিকিট
- আপডেট সময় : ১১:৩৮:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা সহজ করতে অগ্রিম টিকিট বিক্রি কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। এর অংশ হিসেবে আজ শনিবার বিক্রি শুরু হচ্ছে ২৬ মে’র আন্তঃনগর ট্রেনের টিকিট। রেলওয়ের তথ্য অনুযায়ী, পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে সকাল ৮টায়। আর পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টায়।
যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। রেলওয়ের কর্মপরিকল্পনা অনুযায়ী, ঈদের আগে পাঁচ দিনের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে। এর আগে ২৩ মে’র টিকিট ১৩ মে, ২৪ মে’র টিকিট ১৪ মে এবং ২৫ মে’র টিকিট ১৫ মে বিক্রি করা হয়েছে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/14/হাজারো-মানুষের-ঢলে-চট্টগ/
এছাড়া আগামী ১৭ মে বিক্রি করা হবে ২৭ মে’র টিকিট। বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, একজন যাত্রী ঈদের অগ্রিম যাত্রার জন্য সর্বোচ্চ একবার টিকিট কিনতে পারবেন এবং একসঙ্গে সর্বোচ্চ চারটি টিকিট ক্রয় করা যাবে। তবে অগ্রিম কেনা এসব টিকিট ফেরতযোগ্য নয়।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/16/খাল-পুনঃখনন-উদ্বোধনে-চাঁ/
অন্যদিকে যাত্রীদের অতিরিক্ত চাপ সামাল দিতে যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে। তবে উচ্চ শ্রেণির আসনের ক্ষেত্রে এই সুবিধা থাকবে না। রেলওয়ে আরও জানিয়েছে, চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৮, ২৯ ও ৩০ মে’র টিকিট বিক্রির তারিখ পরে নির্ধারণ করা হবে।






















