শরীয়তপুরে টিআরসি নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ
- আপডেট সময় : ১১:৩৯:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬ ২৭ বার পড়া হয়েছে
বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ফেব্রুয়ারি-২০২৬ ব্যাচের নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে শরীয়তপুর জেলা পুলিশ। “সেবার ব্রতে চাকরি” শ্লোগানে অনুষ্ঠিত এ নিয়োগ কার্যক্রমে শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে প্রার্থীদের নির্বাচন করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।
রোববার (১৮ মে) বিকেল ৩টায় শরীয়তপুর পুলিশ লাইন্স ড্রিল শেডে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন শরীয়তপুরের পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি রওনক জাহান।
লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুসারে চূড়ান্তভাবে উত্তীর্ণদের নাম ঘোষণা করা হয়। পরে জেলা পুলিশের পক্ষ থেকে উত্তীর্ণ প্রার্থীদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। ফলাফল ঘোষণার পর অনেক প্রার্থী আবেগাপ্লুত হয়ে নিজেদের অনুভূতি প্রকাশ করেন। তারা জানান, স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় নিয়োগ পাওয়ায় তারা অত্যন্ত আনন্দিত ও গর্বিত।
অনুষ্ঠানে পুলিশ সুপার রওনক জাহান উত্তীর্ণদের উদ্দেশ্যে বলেন, সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দেশসেবার মানসিকতা নিয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীতে দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন, “অনেক কষ্ট ও পরিশ্রমের মাধ্যমে তোমরা এ পর্যন্ত পৌঁছেছো। যারা এবার উত্তীর্ণ হতে পারোনি, তারা হতাশ হবে না। ভবিষ্যতে আবার চেষ্টা করবে। তোমাদের মধ্য থেকেই কেউ সার্জেন্ট হবে, কেউ সাব-ইন্সপেক্টর হবে।”
এসময় নিয়োগ বোর্ডের সদস্য মো. শামসুল হক, শেখ সাব্বির হোসেনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




















