শ্রীপুরে মাদক ব্যবসায়ীর বাড়ি ভেঙে দিল এলাকাবাসী
- আপডেট সময় : ১১:৫২:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
গাজীপুরের শ্রীপুর উপজেলার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চন্নাপাড়া এলাকায় মাদক ব্যবসা ও অসামাজিক কার্যকলাপের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজিত জনতার বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। দীর্ঘদিন ধরে চলা নানা অপরাধমূলক কর্মকাণ্ডে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে।
স্থানীয়দের অভিযোগ, ওই এলাকার ফারুক হোসেন (৩৯), তার ছেলে রবিন মিয়া (১৯), এবং পরিবারের কয়েকজন নারী সদস্যসহ মোট কয়েকজন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে জড়িত। এলাকাবাসীর দাবি, ফারুক হোসেন একাধিকবার মাদকসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে কারাভোগ করেছেন এবং তার বিরুদ্ধে একাধিক থানায় মামলা রয়েছে। অভিযোগে আরও বলা হয়, রবিন মিয়া স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন এলাকায় ছিনতাই ও ডাকাতির সঙ্গে সম্পৃক্ত। কয়েকবার গ্রেপ্তারের পর জামিনে বের হয়ে পুনরায় অপরাধে জড়িয়ে পড়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/21/তথ্য-যাচাই-ছাড়াই-অভিযোগ/
এলাকাবাসীর অভিযোগ, অভিযুক্ত পরিবারের নারী সদস্যদের বিরুদ্ধেও মাদক সেবন, অসামাজিক কার্যকলাপ এবং বিভিন্ন স্থান থেকে লোক এনে প্রতারণামূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এমনকি দীর্ঘদিন ধরে এলাকায় এসব কার্যকলাপ চললেও তা বন্ধ হয়নি বলে দাবি স্থানীয়দের। স্থানীয়রা জানান, বাড়িটির পাশেই একটি মসজিদ থাকায় ধর্মীয় পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল। নামাজের সময়ও অসামাজিক কার্যকলাপ চলায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। মসজিদের খাদেমের ওপর হামলার অভিযোগও উঠেছে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/21/কুলাউড়ায়-ফায়ার-সার্ভি/
এ পরিস্থিতিতে গত ১৪ মে এলাকাবাসীর মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে অভিযুক্তদের বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে। স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন। তবে অভিযুক্ত পরিবারের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। এদিকে স্থানীয় প্রশাসন জানিয়েছে, অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




















