ঈদের তৃতীয় দিনেও ঢাকামুখী ও ঢাকাছাড়া মানুষের ভিড়
- আপডেট সময় : ০৩:১২:৩৪ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬ ৭১ বার পড়া হয়েছে
পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন অনেকে। একই সঙ্গে কেউ কেউ এখনো ঈদ উদযাপন শেষে গ্রামের বাড়ির উদ্দেশে ঢাকা ছাড়ছেন। ফলে রাজধানীর যাত্রাবাড়ী বাসস্ট্যান্ড ও কমলাপুর রেলওয়ে স্টেশনে তৈরি হয়েছে মিশ্র চিত্র।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/27/সৌদি-আরবের-সঙ্গে-মিল-রেখে/
শনিবার সকালে কমলাপুর রেলস্টেশন ও আশপাশের এলাকা ঘুরে দেখা যায়, স্টেশনজুড়ে যাত্রীদের ব্যস্ততা বেড়েছে। বিভিন্ন জেলা থেকে ঢাকায় আসা ট্রেনগুলোতে ফিরতি যাত্রীর চাপ দেখা গেছে। নোয়াখালী থেকে আসা একটি ট্রেন স্টেশনে পৌঁছালে যাত্রীরা দ্রুত নেমে যান এবং ব্যাগ-লাগেজ নিয়ে গন্তব্যের দিকে রওনা হন।
এদিকে শুধু ফিরতি যাত্রাই নয়, ঈদের তৃতীয় দিনেও কিছু মানুষ ঢাকাও ছাড়ছেন। অনেকেই বলছেন, ঈদের দ্বিতীয় দিনে কোরবানি শেষ হওয়ায় এখন তারা পরিবারসহ গ্রামে যাচ্ছেন বা ছুটি শেষ করে কর্মস্থলে ফিরছেন।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/28/২৫-বছর-পর-২০০১-ব্যাচের-বন্/
যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, অনেকে আগেভাগেই ঢাকায় ফিরছেন যাতে কর্মস্থলে সময়মতো যোগ দিতে পারেন। আবার কেউ কেউ এখনো ঈদ উদযাপন শেষ করে ধীরে ধীরে রাজধানীতে ফিরছেন। রেলস্টেশন ও বাস টার্মিনালের নিরাপত্তা ও ব্যবস্থাপনায় থাকা কর্মীরা জানান, সকালে যাত্রীর চাপ কিছুটা বেশি থাকলেও এখন তা তুলনামূলক কম। তবে আগামী দুই দিন ফিরতি যাত্রীর চাপ আরও বাড়তে পারে বলে তারা ধারণা করছেন।




















