মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশ চলছে না: ডা. শফিকুর রহমান
- আপডেট সময় : ০৩:৪০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে
বর্তমান সরকারের তিন মাসের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশ ভালো নেই, বরং দেশ এখন জনগণের প্রত্যাশার বিপরীত দিকে এগোচ্ছে।
মঙ্গলবার দুপুরে সিলেটের সোনাতলা এলাকায় নির্মম নির্যাতনের শিকার হয়ে নিহত শিশু ফাহিমার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও সমবেদনা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ডের মূল্যায়ন প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, এই মুহূর্তে বিস্তারিত মন্তব্য করা ঠিক হবে না। তবে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যে হতাশা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/02/স্বাধীনতা-যুদ্ধের-দাবিদা/
এ সময় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কড়া সমালোচনা করেন জামায়াত আমির। তিনি বলেন, মাত্র এক মাসের ব্যবধানে আবারও জ্বালানি তেলের দাম বাড়ানো জনগণের ওপর নতুন চাপ সৃষ্টি করেছে। তাঁর ভাষায়, মূল্যবৃদ্ধি যদি করতেই হতো, তাহলে তা জাতীয় সংসদে আলোচনা করে করা উচিত ছিল। কিন্তু জনগণ যখন ঘুমিয়ে ছিল, তখন রাতের আঁধারে দাম বাড়ানো হয়েছে, যা জনগণের সঙ্গে প্রতারণার শামিল।
শিশু ফাহিমা হত্যাকাণ্ড প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, এই মামলার বিচার যদি দীর্ঘসূত্রিতার মধ্যে পড়ে যায়, তাহলে মানুষ ধরে নেবে বিচার আর হবে না। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যার মামলার বিচার যেভাবে দ্রুত এগোচ্ছে, ফাহিমা হত্যার বিচারও একই গতিতে সম্পন্ন করার দাবি জানান তিনি।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/02/হৃদরোগে-আক্রান্ত-রামিসার/
তিনি আরও বলেন, অপরাধীদের দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। সরকার যদি সেই দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়, তাহলে জনগণের কাছে তার জবাবদিহি করতে হবে। এর আগে নিহত ফাহিমার পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের সান্ত্বনা দেন জামায়াত আমির। এ সময় স্থানীয় শিশুরা প্ল্যাকার্ড হাতে হত্যাকারীদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে অবস্থান নেয়।
এদিকে, ফাহিমা হত্যার ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করার দাবিতে স্থানীয়দের আন্দোলনও অব্যাহত রয়েছে।




















