আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ২
- আপডেট সময় : ০২:২৭:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬ ৭৭ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০ পিচ মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেফতার করেছে আলমডাঙ্গা থানা পুলিশ। উদ্ধার করা হয়েছে মাদক বিক্রয়ের সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ আলামতও। পুলিশের দাবি, গ্রেফতারকৃতদের সঙ্গে আরও কয়েকজন সহযোগী জড়িত রয়েছে, যাদের আটকে অভিযান অব্যাহত আছে।
জানা গেছে, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় জেলা জুড়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আলমডাঙ্গা থানার এসআই (নিঃ) মোঃ আলমগীর কবীর সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/07/চুয়াডাঙ্গায়-বিজিবির-ব্/
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত প্রায় ৭টা ৫৫ মিনিটে আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের ওসমানপুর বাজার এলাকায় অভিযান চালানো হয়। এসময় স্থানীয় একটি চায়ের দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে দুইজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ৫০ পিচ টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— প্রাগপুর গ্রামের মৃত আজিম উদ্দিন বিশ্বাসের ছেলে মোঃ স্বপন (২৮) এবং ওসমানপুর গ্রামের মুক্তার হোসেনের ছেলে মোঃ সানমুন হোসেন (৩০)।
পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধারকৃত টাপেন্টাডল ট্যাবলেট বিক্রয়, সংরক্ষণ ও সরবরাহের পেছনে আরও অন্তত দুইজন সহযোগীর সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এছাড়াও অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনের সংশ্লিষ্টতা তদন্তে উঠে এসেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় গ্রেফতারকৃত, পলাতক ও অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৯(ক)/৪০/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলা নম্বর-০৩, তারিখ ০৫ জুন ২০২৬।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/07/জনবান্ধব-প্রশাসক-থেকে-রং/
স্থানীয় সচেতন মহল মনে করছেন, তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে পুলিশের এমন ধারাবাহিক অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে টাপেন্টাডলের মতো নেশাজাতীয় ওষুধ সহজলভ্য হয়ে ওঠায় উদ্বেগ বাড়ছে অভিভাবকদের মধ্যেও। এদিকে আলমডাঙ্গা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। সমাজকে মাদকমুক্ত রাখতে পুলিশের অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে চলবে।



















