নান্দাইলে ইউপি নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব ওয়ালীউল্লাহর মতবিনিময় সভা
- আপডেট সময় : ০৭:০৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে
ময়মনসিংহের নান্দাইল উপজেলার ১১ নং খারুয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রাজাপুর দক্ষিণপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ জুন ২০২৬) রাতে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব ওয়ালীউল্লাহ। সভায় সভাপতিত্ব করেন এলাকার প্রবীণ ব্যক্তি আব্দুস ছামাদ এবং সঞ্চালনা করেন মাওলানা সোহাগ হোসেন মাস্টার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১১নং খারুয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মোফাজ্জল হোসেন এবং ৭ নং ওয়ার্ড বিএনপি নেতা ডা. আইজউদ্দিন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন খারুয়া ইউনিয়ন যুবদল নেতা হাসান মাহমুদ বাবুল।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব ওয়ালীউল্লাহ বলেন, “আপনাদের ভোটে নির্বাচিত হওয়ার সুযোগ পেলে ইউনিয়নের সার্বিক উন্নয়ন, জনকল্যাণমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে আমি আন্তরিকভাবে কাজ করব। ইউনিয়নবাসীর দোয়া, পরামর্শ ও সহযোগিতা আমার একান্ত কাম্য।”
তিনি আরও বলেন, “আমার মরহুম পিতা মাওলানা আফতাব উদ্দিন একসময় এ ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করেছিলেন। ইউনিয়নের জনগণ তাঁকে সমর্থন ও ভোট দিলেও সে সময়ের রাজনৈতিক বাস্তবতায় তিনি দায়িত্ব পালনের সুযোগ পাননি। আমার ইচ্ছা, তাঁর অসমাপ্ত স্বপ্ন ও জনগণের প্রতি দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের লক্ষ্যে নির্বাচন করা। আপনাদের সহযোগিতা ও সমর্থন পেলে সেই লক্ষ্য পূরণে আমি কাজ করে যেতে চাই।”
সভায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় অনুষ্ঠিত হয়। বক্তারা এলাকার অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও এলাকার শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতের মধ্য দিয়ে আলোচনা ও মতবিনিময় সভার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।



















