পিরোজপুরে আলুবোঝাই ট্রাকসহ বেইলি সেতু ধস
- আপডেট সময় : ০৪:২৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে
পিরোজপুরের মঠবাড়িয়ায় অতিরিক্ত আলুবোঝাই একটি ট্রাক পার হওয়ার সময় বেইলি সেতু ভেঙে খালে পড়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাতে সাফা বন্দরের দেবীপুর এলাকায় ঘটে এই দুর্ঘটনা।
দুর্ঘটনার ফলে মঠবাড়িয়া-পাথরঘাটা-চরখালী আঞ্চলিক মহাসড়কের অন্তত ১০টি রুটে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে দুই পাশে আটকা পড়েছে দূরপাল্লার বাস, পণ্যবাহী যানবাহন এবং শত শত যাত্রী। স্থানীয় সূত্র জানায়, সেতুটির পাশেই একটি স্থায়ী পাকা সেতুর নির্মাণকাজ চলছিল। তাই বিকল্প হিসেবে দীর্ঘদিন ধরে পুরনো বেইলি সেতুটি ব্যবহার করা হচ্ছিল। তবে সেতুটি বেশ কয়েক বছর ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল বলে অভিযোগ রয়েছে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/10/১২২-বছর-আগের-পুকুর-খননের-ই/
প্রত্যক্ষদর্শীরা জানান, মঠবাড়িয়াগামী একটি ট্রাক অতিরিক্ত পরিমাণ আলু নিয়ে সেতু পার হওয়ার সময় হঠাৎ মাঝখান থেকে সেতুটি ভেঙে পড়ে। ট্রাকটি সরাসরি খালে পড়ে গেলেও সৌভাগ্যবশত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সেতু ধসে যাওয়ার কারণে এখন যাত্রীদের গাড়ি থেকে নেমে খেয়ানৌকায় পারাপার হতে হচ্ছে। বন্ধ রয়েছে পণ্য পরিবহনও। এতে ব্যবসায়ী, শিক্ষার্থী, চাকরিজীবী এবং সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। জরুরি রোগী পরিবহনেও দেখা দিয়েছে সংকট।
মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আকলিমা আক্তার জানান, সেতুটির ধারণক্ষমতা ছিল সর্বোচ্চ ২০ মেট্রিক টন। কিন্তু দুর্ঘটনায় কবলিত ট্রাকটিতে এর চেয়ে অনেক বেশি ওজনের আলু বোঝাই ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/10/আলমডাঙ্গায়-শ্রমিক-কল্যা/
এদিকে পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, দ্রুত যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করতে সেতু সংস্কার ও বিকল্প পারাপারের ব্যবস্থা নেওয়ার কাজ শুরু হয়েছে। স্থানীয়দের দাবি, নতুন পাকা সেতুর নির্মাণকাজ দ্রুত শেষ না হওয়া পর্যন্ত এ অঞ্চলের মানুষের দুর্ভোগ কাটবে না।























