যে বাজেটে ট্যাক্স কমানো হয়, সে বাজেটও বিরোধী দল মানে না: প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০১:২৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে
বিরোধী দলের বাজেট সমালোচনার জবাবে কড়া বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জনগণের স্বস্তি নিশ্চিত করতে প্রণীত বাজেটও বিরোধী দল প্রত্যাখ্যান করছে, যা তাদের রাজনৈতিক উদ্দেশ্য সম্পর্কে প্রশ্ন তৈরি করে। শনিবার কক্সবাজার সদরে তার বাবা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত পাতলী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, প্রস্তাবিত বাজেটে সাধারণ মানুষের করের চাপ কমানো হয়েছে, ক্ষতিকর পণ্যের ব্যবহার নিরুৎসাহিত করতে মদ ও সিগারেটের দাম বাড়ানো হয়েছে। তারপরও বিরোধী দল বাজেট মেনে নিচ্ছে না। এর মাধ্যমে তারা দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায় বলেও মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/13/আইনশৃঙ্খলা-ও-বিদ্যুৎ-সাশ/
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারের লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা। প্রতিটি ঘরে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনাও সেই লক্ষ্য বাস্তবায়নের অংশ। তিনি জোর দিয়ে বলেন, দেশের মালিক জনগণ; কোনো পরিবার, গোষ্ঠী কিংবা রাজনৈতিক দল নয়। বিরোধীদের উদ্দেশে প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী বলেন, যে বাজেটে জনগণের স্বস্তি ও কল্যাণের বিষয়গুলো গুরুত্ব পায়, সেই বাজেটের বিরোধিতা করলে তাদের জনগণের বন্ধু বলা যায় কি না, সেটি দেশের মানুষই বিচার করবে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/13/আলমডাঙ্গায়-২৫-কোটি-বৃক্/
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি নিয়েও কথা বলেন সরকারপ্রধান। তার দাবি, অতীতে বাজেট ঘোষণার পর দ্রব্যমূল্য বৃদ্ধি পেলেও এবার বাজেট ঘোষণার পর নিত্যপণ্যের দামে কোনো অস্বাভাবিক বৃদ্ধি হয়নি। তারেক রহমান আরও বলেন, অতীতের মতোই বিএনপি দেশের উন্নয়ন ও পুনর্গঠনে কাজ করছে। তবে বিভিন্ন সময়ে ষড়যন্ত্র ও চক্রান্তের মাধ্যমে দেশের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করা হয়েছে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/13/নিখোঁজের-৯-দিন-পর-খালে-মিল/
তিনি বলেন, জনগণ ভোটের মাধ্যমে বিএনপির ওপর যে আস্থা রেখেছে, সেই আস্থার প্রতিদান দিতে সরকার কাজ করছে। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজও ইতোমধ্যে শুরু হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, যতদিন দায়িত্বে থাকবেন, ততদিন দেশের উন্নয়ন, কর্মসংস্থান ও জনগণের জীবনমান উন্নয়নের জন্য কাজ করে যাবেন। কারণ দেশের স্বার্থই বিএনপির প্রথম ও শেষ অগ্রাধিকার।




















