দোয়ারাবাজারে ১০ দিন ধরে নিখোঁজ জাহাঙ্গীর আজাদ বকুল
- আপডেট সময় : ০৪:২৩:৩০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬ ৭৪ বার পড়া হয়েছে
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় জাহাঙ্গীর আজাদ বকুল (৫২) নামের এক ব্যক্তি গত ১০ দিন ধরে নিখোঁজ রয়েছেন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান না মেলায় পরিবার ও স্বজনদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। এ ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/13/৫-বছরে-২৫-কোটি-বৃক্ষরোপণ-ক/
পরিবার সূত্রে জানা যায়, উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের রাজারগাঁও গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর আজাদ বকুল বাড়ি থেকে কাটাখালি বাজারে খরচের টাকা আনতে যাওয়ার কথা বলে বের হন। এরপর থেকে তিনি আর বাড়িতে ফিরে আসেননি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে দোয়ারাবাজার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। যার নম্বর- ২২৪।
নিখোঁজের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, বিদেশে লোক পাঠানো সংক্রান্ত অর্থ লেনদেনের বিষয় নিয়ে আব্দুছ সাত্তার নামের এক ব্যক্তির সঙ্গে বকুলের বিরোধ চলছিল। ওই বিরোধের পর থেকেই তিনি নিখোঁজ হন বলে তাদের ধারণা।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/13/সিরাজগঞ্জে-শ্রেষ্ঠ-ওসির/
তবে স্থানীয় কয়েকজন ও অভিযুক্ত আব্দুছ সাত্তারের দাবি, জাহাঙ্গীর আজাদ বকুল নিজেও বিদেশে লোক পাঠানোর ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে অর্থ লেনদেন ও প্রতারণার অভিযোগ রয়েছে বলেও তারা দাবি করেন। এদিকে নিখোঁজ বকুলের স্ত্রী কান্নাজড়িত কণ্ঠে স্বামীর দ্রুত সন্ধান কামনা করেছেন। তিনি প্রশাসনের কাছে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
দোয়ারাবাজার থানা পুলিশ জানিয়েছে, নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। বকুলের সন্ধানে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত আছে বলেও জানিয়েছে পুলিশ।




















