মহররম মাসের চাঁদ দেখা গেছে, ২৬ জুন পালিত হবে পবিত্র আশুরা
- আপডেট সময় : ০২:৩৪:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬ ৫০ বার পড়া হয়েছে
দেশের আকাশে ১৪৪৮ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল বুধবার থেকে মহররম মাস গণনা শুরু হবে এবং আগামী ২৬ জুন শুক্রবার পবিত্র আশুরা পালিত হবে বলে জানিয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি। মঙ্গলবার সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় জানানো হয়, দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। পর্যালোচনায় দেখা যায়, মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/17/রেল-আধুনিকায়নে-উচ্চপর্য/
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, আশুরা ইসলামের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। এই দিনে মহান আল্লাহতায়ালা আসমান, জমিন, আরশ, কুরসি, লওহ ও কলম সৃষ্টি করেছেন বলে ধর্মীয় বর্ণনায় উল্লেখ রয়েছে। একই দিনে মানবজাতির সূচনা ও বিভিন্ন নবীর জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাও সংঘটিত হয়েছে।
ইতিহাস অনুযায়ী, হযরত নুহ (আ.)-এর যুগে আল্লাহর গজব থেকে নাজাতের ঘটনাও এই আশুরার দিনে সংঘটিত হয়। এছাড়া হযরত ইব্রাহিম (আ.)-এর জন্ম এবং হযরত মুসা (আ.)-এর নেতৃত্বে বনি ইসরাইলকে ফেরাউনের কবল থেকে মুক্তির ঘটনাও এই দিনেই ঘটেছিল বলে বর্ণিত রয়েছে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/17/দেশে-ডেঙ্গুতে-আরও-১-মৃত্য/
তবে আশুরার সবচেয়ে শোকাবহ ঘটনা হিসেবে কারবালার হৃদয়বিদারক ট্র্যাজেডিকে স্মরণ করা হয়, যেখানে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হযরত ইমাম হোসাইন (রা.) ও তাঁর পরিবার-পরিজন শহীদ হন। এসব ঐতিহাসিক ঘটনার কারণে আশুরা মুসলিম বিশ্বে গভীর ধর্মীয় ও আবেগঘন তাৎপর্য বহন করে। বাংলাদেশেও দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়ে থাকে।






















