কালিয়াকৈরে খাবার পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ
- আপডেট সময় : ০১:০৭:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬ ৯৭ বার পড়া হয়েছে
গাজীপুরের কালিয়াকৈরে একটি পোশাক কারখানায় খাবার পানি পান করার পর শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। পরে তাদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
বৃহস্পতিবার সকালে উপজেলার চন্দ্রা এলাকায় অবস্থিত ড্রেসম্যান লিমিটেড নামের একটি পোশাক কারখানায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে জেলা সিভিল সার্জন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন।
শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকাল ৮টার দিকে শ্রমিকরা কাজে যোগ দেন। সকাল সাড়ে ৯টার দিকে হঠাৎ একে একে অনেক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে বমি, মাথাব্যথাসহ বিভিন্ন উপসর্গ দেখা দেয়। পরে সহকর্মী ও কারখানা কর্তৃপক্ষ অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর কারখানা কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে এক দিনের ছুটি ঘোষণা করে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/19/আলমডাঙ্গায়-মাদক-সেবনকাল/
কারখানার শ্রমিক বেলাল হোসেন ও রাবেয়া খাতুন জানান, সকালে কারখানায় এসে ভেতরের পানি পান করার পরই অনেক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। এছাড়া কারখানার ভেতরে একটি দুর্গন্ধও ছড়িয়ে পড়েছিল, যা শ্রমিকদের অসুস্থতা আরও বাড়িয়ে দেয় বলে তাদের দাবি। কারখানার সহকারী প্রশাসনিক কর্মকর্তা আতিকুল ইসলাম বলেন, গত তিন দিন ধরে বৃষ্টির কারণে যেসব এলাকায় জলাবদ্ধতা ছিল, সেসব এলাকার শ্রমিকরাই বেশি অসুস্থ হয়েছেন। তবে ঘটনাটি জানার পর কারখানার পানির নমুনা পরীক্ষা করা হয়েছে এবং পরীক্ষার জন্য ল্যাবেও পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে তাদের ধারণা, বৃষ্টির দূষিত পানির প্রভাবে খাদ্যে বিষক্রিয়ার (ফুড পয়জনিং) মতো পরিস্থিতি তৈরি হয়ে থাকতে পারে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/19/কালিয়াকৈরে-জলাবদ্ধতায়/
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, শতাধিক শ্রমিক অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। কারখানায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং অসুস্থ শ্রমিকদের সার্বিক খোঁজখবর নেওয়া হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এইচ.এম. ফখরুল হোসাইন বলেন, হাসপাতালে ভর্তি শ্রমিকদের চিকিৎসার বিষয়টি তদারকি করা হচ্ছে। কী কারণে শ্রমিকরা অসুস্থ হয়েছেন, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।




















