তাসলিমার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত: আব্দুল্লাহর দাবি
- আপডেট সময় : ০১:২৩:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কুমারী গ্রামে এক সন্তানের জননী তাসলিমা খাতুনের বিয়ের দাবিতে অবস্থান ও বিভিন্ন অভিযোগের ঘটনায় এবার মুখ খুলেছেন অভিযুক্ত আব্দুল্লাহ। তিনি দাবি করেছেন, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট এবং তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে প্রচার করা হয়েছে।
আব্দুল্লাহ জানান, গত ১৬ জুন ২০২৬ তারিখে তাসলিমা খাতুন তার বাড়িতে এসে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেন এবং পরে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে নানা অভিযোগ প্রচার করেন। এসব অভিযোগের কোনো বাস্তব ভিত্তি নেই বলে তিনি দাবি করেন। তার ভাষ্য অনুযায়ী, তাদের মধ্যকার পূর্ববর্তী বিরোধ ইতোমধ্যেই উভয় পক্ষের সম্মতিতে আপোষ-মীমাংসার মাধ্যমে নিষ্পত্তি হয়েছে। তিনি বলেন, গত ৩০ জানুয়ারি ২০২৫ তারিখে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে লিখিত আপোষনামার মাধ্যমে বিষয়টির সমাধান করা হয়। ওই চুক্তি অনুযায়ী তাসলিমা খাতুনকে ৫ লাখ ৩০ হাজার টাকা প্রদান করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/19/কালিয়াকৈরে-খাবার-পানি-প/
এ সংক্রান্ত লিখিত দলিল ও প্রমাণপত্র তার কাছে সংরক্ষিত রয়েছে বলে জানান। আব্দুল্লাহ আরও অভিযোগ করেন, পূর্বে নিষ্পত্তিকৃত একটি বিষয়কে নতুন করে সামনে এনে তার ব্যক্তিগত ও সামাজিক সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, কিছু স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে, যা তাকে এবং তার পরিবারকে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করছে। তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন করা হোক এবং মিথ্যা ও মানহানিকর অভিযোগের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/19/ট্রেনের-এক-ধাক্কায়-নিভে/
এদিকে তাসলিমা খাতুনের অভিযোগ এবং আব্দুল্লাহর পাল্টা দাবির বিষয়ে এখন পর্যন্ত কোনো বিচারিক বা প্রশাসনিক সিদ্ধান্ত হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও আইনগত প্রক্রিয়ার মাধ্যমে ঘটনার প্রকৃত সত্য উদঘাটিত হবে বলে স্থানীয়রা মনে করছেন।
উল্লেখ্য, গত ১৬ জুন কুমারী গ্রামে আব্দুল্লাহর বাড়ির সামনে অবস্থান নিয়ে তাসলিমা খাতুন বিয়ের দাবি করেন এবং তার বিরুদ্ধে প্রতারণা, অর্থ আত্মসাৎ ও সম্পর্ক অস্বীকারের অভিযোগ তোলেন। এর পরিপ্রেক্ষিতেই আব্দুল্লাহ তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে এই বক্তব্য প্রদান করেছেন।























