আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ৩১ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, যুবক গ্রেফতার
- আপডেট সময় : ০১:১৫:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬ ৫১ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩১ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদকসহ এক যুবককে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (১৮ জুন) দিবাগত রাতে উপজেলার হারদী ইউনিয়নের ওসমানপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ওসমানপুর পুলিশ ক্যাম্পের এসআই (নিঃ) মো. নবাব আলী সঙ্গীয় ফোর্স নিয়ে এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে রাত ১১টা ২৫ মিনিটের দিকে আলমডাঙ্গা উপজেলার ২ নম্বর হারদী ইউনিয়নের ওসমানপুর গ্রামের লাল চাঁদের বাড়ির সামনে ইটের সলিং রাস্তার ওপর অভিযান চালানো হয়।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/19/তাসলিমার-অভিযোগ-সম্পূর্ণ/
অভিযানকালে ওসমানপুর (মালিথাপাড়া) গ্রামের চাঁন মিয়া ওরফে চান্দুর ছেলে মো. হারুন (২১)-কে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৩১ পিস মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকা মূলে জব্দ করে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, এই মাদক ব্যবসার সঙ্গে আরও কয়েকজন ব্যক্তি জড়িত রয়েছে। মামলার ঘটনায় মাদক বিক্রয়, সংরক্ষণ ও সরবরাহে পৃষ্ঠপোষকতা এবং সহযোগিতার অভিযোগে আরও চারজন নামীয় আসামি ও ৫ থেকে ৬ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/19/ট্রেনের-এক-ধাক্কায়-নিভে/
এ ঘটনায় গ্রেফতারকৃত, পলাতক ও অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মামলা নং-১৯, তারিখ ১৯ জুন ২০২৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৯(ক)/৪০/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে। আলমডাঙ্গা থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।























