আওয়ামী লীগের অপতৎপরতা ঠেকাতে ৬ জেলায় সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৫:৪৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে
রাজধানী ঢাকাসহ দেশের ছয় জেলায় আগামী ৩০ জুন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সম্ভাব্য নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (২২ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখা থেকে জারি করা এক নির্দেশনায় বলা হয়, ঢাকা মহানগর, চট্টগ্রাম মহানগর, গাজীপুর মহানগর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় প্রয়োজনীয় সংখ্যক সেনাসদস্য মোতায়েন করা হবে। এ নির্দেশনা কার্যকর থাকবে ৩০ জুন পর্যন্ত।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/22/মাদারীপুরে-চলাচলের-পথ-বন/
সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি। তবে সরকার সবসময় পরিস্থিতির ওপর সতর্ক নজর রাখছে। তিনি দাবি করেন, আওয়ামী লীগের বিভিন্ন ধরনের অপতৎপরতার তথ্য গোয়েন্দা সংস্থাগুলোর কাছে রয়েছে। এসব কার্যক্রম প্রতিহত করতেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বাড়ানোর অংশ হিসেবে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/22/নজরুল-বিশ্ববিদ্যালয়ে-গা/
মন্ত্রী বলেন, “প্রয়োজনীয় ক্ষেত্রে শৃঙ্খলা বাহিনীর শক্তি বাড়াতে হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” বিরোধী রাজনৈতিক দলের সভা-সমাবেশের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান সময়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় ভালো রয়েছে। গণতান্ত্রিক রাষ্ট্রে সভা-সমাবেশ করা বিরোধী দলের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার। এর মাধ্যমে গণতন্ত্র আরও বিকশিত হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় উল্লেখ করা হয়, দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর বেআইনি মিছিল, শোডাউন ও অন্যান্য কর্মসূচির মাধ্যমে নাশকতা এবং বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা রয়েছে। এর ফলে জানমাল ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/22/বিতর্কের-মুখে-তিন-ইউনিয়/
এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং জনগণের জানমালের সুরক্ষার স্বার্থে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের এ সিদ্ধান্তের ফলে আগামী সাত দিন উল্লিখিত ছয় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী সক্রিয় ভূমিকা পালন করবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।




















