লাইসেন্সধারী মালিক অসহায়, দখলবাজ যুবদল নেতা হাবিবুল্লার রাজত্ব শ্যামনগরে!
- আপডেট সময় : ১১:৪৭:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬ ৮৭ বার পড়া হয়েছে
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া মৌজায় সরকারিভাবে ইজারা নেওয়া চান্দিনা লাইসেন্সের দোকান ঘর জবরদখলের অভিযোগ উঠেছে একাধিক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। বৈধ কাগজপত্র ও ইজারা থাকা সত্ত্বেও দোকান ঘর দখল করে নেওয়ার ঘটনায় এলাকাজুড়ে চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। অভিযোগকারী মোঃ মেহেদী হাসান মোল্যা (২৬), পিতা মোঃ জোনাব আলী মোল্ল্যা, সাং- উত্তর আটুলিয়া জানান, তিনি এবং তার পিতা সরকার বাহাদুরের নিকট থেকে চান্দিনা লাইসেন্সের মাধ্যমে ২৫.৩২ বর্গমিটার অকৃষি জমি বৈধভাবে ইজারা গ্রহণ করেন। উক্ত জমিতে তারা নিজস্ব অর্থায়নে পাকা দোকান ঘর নির্মাণ করে দীর্ঘদিন শান্তিপূর্ণভাবে ভোগদখলে ছিলেন।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/06/মাগুরায়-৩০-বছর-পৈত্রিক-স/
কিন্তু অভিযোগ রয়েছে, বিবাদী শ্যামনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জি.এম হাবিবুল্ল্যাহসহ কয়েকজন ব্যক্তি কোনো প্রকার বৈধ কাগজপত্র বা স্বত্ব ছাড়াই গত ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সংঘবদ্ধভাবে ওই দোকান ঘর জবরদখল করে নেয়। ভুক্তভোগীর দাবি, বিবাদীরা প্রভাবশালী, দাঙ্গাবাজ ও লাঠিয়াল প্রকৃতির হওয়ায় তাদের বিরুদ্ধে স্থানীয়ভাবে প্রতিকার পাওয়া সম্ভব হয়নি। ভুক্তভোগী আরও জানান, এস.এ/আর.এস ০১ নম্বর খতিয়ানভুক্ত ৫১৫৮ দাগে অবস্থিত উক্ত জমি সম্পূর্ণ বৈধভাবে চান্দিনা লাইসেন্স কেস নং ২০৫/২৫-২৬ এবং ২০৬/২৫-২৬ এর মাধ্যমে ইজারা নেওয়া। তবুও বেআইনিভাবে জবরদখল করে দোকানটি দখলে রাখা হয়েছে, যা সরাসরি আইন লঙ্ঘনের শামিল।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/06/মুকসুদপুরে-পিআইওর-বিরুদ্/
এ ঘটনায় তিনি জেলা প্রশাসকের নিকট লিখিত আবেদন করে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন এর ৭ ও ৮(১) ধারার আওতায় দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। একইসাথে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে তার বৈধ সম্পত্তি ফিরিয়ে দেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, এ ধরনের দখলবাজি বন্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নিলে সাধারণ মানুষের মধ্যে আইনের প্রতি আস্থা কমে যাবে এবং দখলদারদের দৌরাত্ম্য আরও বৃদ্ধি পাবে। এ বিষয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।




















