গফরগাঁও উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে চাচার হাতে ভাতিজা খুন
- আপডেট সময় : ১২:২০:২৪ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬ ৬৯ বার পড়া হয়েছে
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসার জেরে আপন চাচার হাতে রিফাত (২২) নামে এক যুবক নির্মমভাবে খুন হয়েছেন।
শনিবার (৪ এপ্রিল) বিকেলে উপজেলার রাওনা ইউনিয়নের পাচুয়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত রিফাত রাওনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিনের ভাতিজা এবং মোঃ মনসুর আলীর একমাত্র ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার বিকেলে রিফাত বাড়ির পাশের একটি দোকানে অবস্থান করছিলেন। এ সময় জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে তার আপন চাচা মনির দেশীয় ধারালো অস্ত্র নিয়ে আকস্মিক হামলা চালায়। প্রত্যক্ষদর্শীদের মতে, মনির রিফাতের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/06/কুলাউড়ায়-হামের-প্রাদু/
পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে রিফাতের মৃত্যু হয়।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/06/যশোরে-হাম-রুবেলা-টিকাদান/
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, একমাত্র সন্তানকে হারিয়ে তার বাবা মনসুর আলী ও মা গভীর শোকে ভেঙে পড়েছেন। এই নৃশংস হত্যাকাণ্ডের পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত মনির পলাতক রয়েছে। গফরগাঁও থানার ইনচার্জ আ স ম আতিকুর ইসলাম বলেছেন পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় স্থানীয়রা দ্রুত ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন।






















