আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা কার্যকর, সংসদে আইন পাস
- আপডেট সময় : ০৪:১০:৪৪ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬ ৫৯ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের মিছিল, মিটিং, সমাবেশ ও রাজনৈতিক প্রচারণাসহ সব ধরনের কার্যক্রমের ওপর আইনি নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। বুধবার জাতীয় সংসদে ‘সন্ত্রাস বিরোধী (সংশোধন) আইন, ২০২৬’ পাসের মাধ্যমে এ সিদ্ধান্তে আইনি ভিত্তি দেওয়া হয়। এর ফলে আগে জারি করা একটি অধ্যাদেশ এখন পূর্ণাঙ্গ আইনে রূপ নিয়েছে।
নতুন আইনের ৩ ধারায় বলা হয়েছে, নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের পক্ষে কোনো ধরনের প্রচারণা, সংবাদ বিজ্ঞপ্তি, অনলাইন বা সামাজিক যোগাযোগমাধ্যমে কার্যক্রম চালানো যাবে না। একইসঙ্গে মিছিল, সভা-সমাবেশ, সংবাদ সম্মেলন কিংবা জনসম্মুখে বক্তৃতাও নিষিদ্ধ করা হয়েছে। বিলটি পাসের আগে বিরোধী দলীয় পক্ষ থেকে সময় চেয়ে আইনটি আরও পর্যালোচনার দাবি জানানো হয়। তবে স্পিকার জানান, নির্ধারিত সময়ের মধ্যে কোনো সংশোধনী না আসায় আলোচনার সুযোগ নেই।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/08/কুলাউড়ায়-স্কুল-ফিডিং-ক/
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রীয় নিরাপত্তা ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম নিশ্চিত করতেই এই সংশোধনী আনা হয়েছে। তিনি দাবি করেন, আগের রাজনৈতিক পরিস্থিতি ও আন্দোলনের প্রেক্ষাপটেই এ ধরনের আইন প্রণয়ন জরুরি হয়ে পড়ে। এর আগে বিভিন্ন ধাপে সংগঠনটির কার্যক্রম সীমিত ও স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সর্বশেষ সংসদীয় অনুমোদনের মাধ্যমে সেই স্থগিতাদেশ এখন স্থায়ী আইনি কাঠামো পেয়েছে বলে জানানো হয়। কণ্ঠভোটে বিলটি পাস হওয়ার মাধ্যমে আইনটি কার্যকর হয়েছে।


























