কোমলমতি শিশুদের স্বপ্নমঞ্চে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬
- আপডেট সময় : ০১:০৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ ৭১ বার পড়া হয়েছে
শিশুদের প্রতিভা বিকাশ, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার প্রত্যয়ে আলমডাঙ্গা-য় অনুষ্ঠিত হলো “জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬”। ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং কার্যক্রমকে ঘিরে বৃহস্পতিবার (২১ মে) সকাল থেকেই প্রাণচাঞ্চল্যে মুখর হয়ে ওঠে আলমডাঙ্গা সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাস।
রঙিন পোশাকে সজ্জিত কোমলমতি শিক্ষার্থীদের হাসি, উচ্ছ্বাস আর স্বপ্নে ভরে ওঠে পুরো ক্যাম্পাস। উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় থেকে আগত প্রতিযোগীরা নিজেদের মেধা, মনন ও সৃজনশীলতা তুলে ধরতে অংশ নেয় নানা আয়োজনে। সকাল ৯টায় প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন শাহীনুর আক্তার। এসময় তিনি শিশুদের উদ্দেশ্যে বলেন, “আজকের শিশুরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাদের সুস্থ বিকাশ ও প্রতিভা চর্চার জন্য এমন আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
দিনব্যাপী আয়োজনে ছিল দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি, নৃত্য, কুইজ প্রতিযোগিতা, খেলাধুলা এবং কাবিং কার্যক্রম। প্রতিটি পর্বে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। অনেক অভিভাবক ও শিক্ষক আবেগাপ্লুত হয়ে বলেন, শিশুদের এমন প্রতিভা বিকাশের সুযোগ ভবিষ্যতের আত্মবিশ্বাসী প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/21/কুলাউড়ায়-ফায়ার-সার্ভি/
আয়োজন সম্পর্কে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাঃ আলাউদ্দীন বলেন,
“শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কার্যক্রমের মধ্য দিয়েই তাদের সুপ্ত প্রতিভা বিকশিত হয়। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা সেই সুযোগ তৈরি করে দেয়।” প্রতিযোগিতা উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে ছিল উৎসবমুখর পরিবেশ। ছোট ছোট শিক্ষার্থীদের চোখেমুখে ছিল স্বপ্ন জয়ের প্রত্যয়। কেউ গান গেয়ে মুগ্ধ করেছে, কেউবা কুইজে ঝলক দেখিয়েছে অসাধারণ মেধার। আবার খেলাধুলার মাঠে প্রতিযোগিতার পাশাপাশি ফুটে উঠেছে বন্ধুত্ব, সহমর্মিতা ও শৃঙ্খলার অনন্য দৃশ্য।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/21/শ্রীপুরে-মাদক-ব্যবসায়ীর/
শিক্ষাবিদরা মনে করছেন, এ ধরনের আয়োজন শিশুদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি দেশপ্রেম, নেতৃত্ব ও নৈতিক মূল্যবোধ গঠনে কার্যকর ভূমিকা রাখে। দিনশেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মধ্য দিয়ে শেষ হয় শিশুদের স্বপ্ন আর আনন্দে ভরা এই আয়োজন।
এসময় উপস্থিত ছিলেন এটিও বখতিয়ার হোসেন, শাহজাহান আলি, রবিউল ইসলাম, শাহ আলম সনি, বিএনপির সিনিয়র সহসভাপতি আকতার জোয়ার্দার, পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, চুয়াডাঙ্গা প্রেসক্লাব-এর সদস্যবৃন্দ, আলমডাঙ্গা প্রেসক্লাব-এর সভাপতি মোঃ বশিরুল আলম, সাধারণ সম্পাদক রুনু খন্দকার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মীর ফাহিম ফয়সাল, সাবেক সভাপতি খোন্দকার শাহ আলম মন্টুসহ শিক্ষক, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।




















