চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন শরীফুজ্জামান শরীফ
- আপডেট সময় : ০৪:৪২:৩২ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬ ৬৯ বার পড়া হয়েছে
অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। রবিবার (৭ জুন) সকাল ১০টায় জেলা পরিষদ কার্যালয়ে এক আবেগঘন ও উৎসবমুখর পরিবেশে আনুষ্ঠানিকভাবে তাঁর কাছে দায়িত্ব হস্তান্তর করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মিজ্ লুৎফুন নাহার।
দীর্ঘদিন ধরে চুয়াডাঙ্গার রাজনৈতিক অঙ্গনে জেলা পরিষদের প্রশাসক পদ নিয়ে নানা আলোচনা ও গুঞ্জন চলছিল। গত বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হঠাৎ করেই ছড়িয়ে পড়ে শরীফুজ্জামান শরীফ প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন—এমন খবর। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও নেতাকর্মীদের উচ্ছ্বাস তখনই ছড়িয়ে পড়ে পুরো জেলায়। কেউ লিখেছেন “অভিনন্দন”, কেউবা পোস্ট করেছেন স্বপ্নপূরণের বার্তা। তবে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন না থাকায় সেই আনন্দের মধ্যেও ছিল অনিশ্চয়তার ছায়া।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/07/কিশোরগঞ্জে-খাল-খনন-শুরু/
অবশেষে বৃহস্পতিবার (৪ জুন) স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপন জারির মাধ্যমে সব জল্পনার অবসান ঘটে। সরকারি ঘোষণার পর মুহূর্তেই নতুন করে আনন্দে ফেটে পড়েন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ফেসবুকজুড়ে ছড়িয়ে পড়ে অভিনন্দনের বন্যা। অনেকে লিখেছেন—“আলহামদুলিল্লাহ! ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে।”
রবিবার দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে জেলা পরিষদ চত্বর যেন রূপ নেয় এক মিলনমেলায়। সকাল থেকেই জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মীর পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা। ফুলেল শুভেচ্ছা, করতালি আর স্লোগানে বারবার উচ্চারিত হতে থাকে শরীফুজ্জামান শরীফের নাম।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/07/নান্দাইলে-অন্যের-জমিতে-আ/
অনুষ্ঠানের শুরুতেই নবনিযুক্ত প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলার শীর্ষ নেতারা। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু ও খালিদ মাহমুদ মিল্টন, মনিরুজ্জামান লিপটন, জেলা কৃষক দলের আহ্বায়ক মোকাররম হোসেন, পৌর যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মাহাবুল হক মহাবুল, সেলিমুল হাবিব সেলিম, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন, সহ-সভাপতি সাইফুল ইসলাম, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিউর রহমান মিশর, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এম এ হাসান, সদর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মাহাবুব হোসেনসহ বিভিন্ন উপজেলা ও পৌর ইউনিটের নেতাকর্মীরা।
বক্তারা তাঁদের বক্তব্যে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ প্রয়াত নেতা-কর্মী ও রাজনৈতিক আন্দোলনে আত্মত্যাগকারী শহীদদের। একই সঙ্গে আন্দোলন-সংগ্রামে আহত, পঙ্গুত্ববরণকারী ও জেল-জুলুমের শিকার নেতাকর্মীদের প্রতিও সমবেদনা জানানো হয়। অনুষ্ঠানে নেতারা বলেন, শরীফুজ্জামান শরীফের এই দায়িত্বপ্রাপ্তি শুধু একটি প্রশাসনিক নিয়োগ নয়; এটি দীর্ঘদিনের ত্যাগ, আন্দোলন ও সাংগঠনিক নেতৃত্বের স্বীকৃতি।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/07/আলমডাঙ্গায়-প্রান্তিক-পে/
তাঁরা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে চুয়াডাঙ্গা জেলা পরিষদের উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে নতুন দিগন্ত উন্মোচিত হবে। স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী, দায়িত্ব পালনকালীন তিনি জেলা পরিষদের চেয়ারম্যানের সকল ক্ষমতা প্রয়োগ করতে পারবেন এবং বিধি মোতাবেক প্রাপ্য ভাতা ও সুযোগ-সুবিধা ভোগ করবেন।
জানা গেছে, স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী করা এবং উন্নয়ন কর্মকাণ্ডে গতি আনতেই দেশের তিনটি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ সিদ্ধান্তের ফলে জেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রম আরও কার্যকর ও জনমুখী হবে। চুয়াডাঙ্গাবাসীর অনেকের চোখে এদিনটি ছিল শুধুই একটি দায়িত্ব হস্তান্তরের অনুষ্ঠান নয়; বরং এটি ছিল দীর্ঘ রাজনৈতিক পথচলার এক আবেগঘন স্বীকৃতি।




















