নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে ব্যাপক প্রচারের বিকল্প নেই: গাজীপুরের জেলা প্রশাসক
- আপডেট সময় : ১১:১৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে
নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ এবং মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গাজীপুরে একটি গণসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ভাওয়াল সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, গাজীপুর এবং উন্নয়ন সংস্থা ব্র্যাকের যৌথ উদ্যোগে মানব পাচার ও অবৈধভাবে মানুষ পাচার প্রতিরোধে অংশীজনদের নিয়ে জেলা পর্যায়ের সচেতনতামূলক কর্মশালার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নুরুল করিম ভূঁইয়া বলেন, “নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে এবং মানব পাচার রোধে ব্যাপক প্রচার-প্রচারণার কোনো বিকল্প নেই। অভিবাসন প্রক্রিয়ায় দালালের খপ্পর থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে হলে আগে নিজেদের সচেতন হতে হবে। আমরা নিজেরা সচেতন হব এবং আমাদের চারপাশের মানুষকেও সচেতন করব।”
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/08/চুয়াডাঙ্গায়-ফ্যাক্ট-চে/
তিনি আরও বলেন, এই সচেতনতামূলক বার্তা প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিতে গণমাধ্যমসহ সরকারি ও বেসরকারি সকল প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সভায় বক্তারা নিরাপদ ও বৈধ উপায়ে বিদেশ গমন, অভিবাসনকালীন ঝুঁকি হ্রাস, প্রতারণা থেকে রক্ষা পাওয়ার উপায় এবং মানব পাচার প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় দালালচক্রের অপতৎপরতা রোধে তৃণমূল পর্যায়ে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/08/গাজীপুরে-মার্কেট-ঘেরাও-ক/
অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) তানিয়া তাবাসসুমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু খায়ের এবং সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমান। এ ছাড়া জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ব্র্যাকের প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন অংশীজন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত সবাই মানব পাচারের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।




















