দোয়ারাবাজারে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন সংক্রান্ত গণশুনানি অনুষ্ঠিত
- আপডেট সময় : ০২:৪৬:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নৈনগাঁও গ্রামে সমাজসেবা অধিদপ্তরের ফ্যামিলি কার্ড বাস্তবায়ন পাইলটিং কার্যক্রম উপলক্ষে এক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে আয়োজিত এ গণশুনানিতে স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার অরূপ রতন সিংহ-এর সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) শাহ মো. শফিউর রহমান-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব এস. এম. নোমান হাসান খাঁন।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/13/জেলা-পরিষদের-নবনিযুক্ত-প/
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নিবাস রঞ্জন দাস, জেলা বিএনপির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান এম. এ. বারী, স্থানীয় গণমাধ্যমকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
গণশুনানিতে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্দেশ্য, সুবিধাভোগী নির্বাচন প্রক্রিয়া, তথ্য যাচাই-বাছাই এবং সরকারি সহায়তা সঠিকভাবে বিতরণের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপস্থিত কর্মকর্তারা স্থানীয় জনগণের প্রশ্ন ও মতামত গ্রহণ করেন এবং কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসম্পৃক্ততা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের চিহ্নিত করে সরকারি সহায়তা কার্যক্রমকে আরও কার্যকর ও সুশৃঙ্খলভাবে পরিচালনা করা সম্ভব হবে। এ উদ্যোগ সমাজের সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের পরিবারগুলোর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/13/স্টার্টআপ-সায়েন্স-প্রজ/
স্থানীয় বাসিন্দারা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সঠিক ও নিরপেক্ষভাবে সুবিধাভোগীদের কাছে সেবা পৌঁছে দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। গণশুনানি শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা পাইলট প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করেন এবং ভবিষ্যতে এর পরিধি আরও সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।




















