ডিএসসিসিতে শুদ্ধি অভিযান, পরিবহন পুলে বড় পরিবর্তন
- আপডেট সময় : ১১:২০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ৫৪ বার পড়া হয়েছে
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে ‘শুদ্ধি অভিযান’ শুরু করেছেন প্রশাসক মো. আব্দুস সালাম। এই অভিযানের অংশ হিসেবে করপোরেশনের কেন্দ্রীয় পরিবহন পুলে বড় ধরনের প্রশাসনিক রদবদল আনা হয়েছে। মঙ্গলবার ডিএসসিসির এক অফিস আদেশে জানানো হয়, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে পরিবহন তত্ত্বাবধায়ক (চলতি দায়িত্ব) মো. আরিফ চৌধুরীকে তার মূল পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ফেরত পাঠানো হয়েছে। এর ফলে তিনি ১২তম গ্রেড থেকে ১৫তম গ্রেডে অবনমিত হলেন।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/16/বিয়ের-দাবিতে-অবস্থান-প্/
অফিস আদেশে বলা হয়েছে, দক্ষ ও যোগ্য জনবল পদায়নের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং রাজনৈতিক পরিচয় থাকলেও কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। জানা গেছে, আরিফ চৌধুরী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের শ্রমিক দলের একাংশের সভাপতি হিসেবে পরিচিত। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর তিনি কম্পিউটার অপারেটর পদ থেকে এক লাফে কেন্দ্রীয় পরিবহন পুলের পরিবহন তত্ত্বাবধায়কের দায়িত্ব পান বলে অভিযোগ রয়েছে। এরপর থেকেই তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/16/দুই-বছর-ধরে-শিক্ষা-অফিসে-ক/
সূত্র বলছে, আদালতের রায়ে বিএনপি নেতা ইশরাক হোসেন মেয়র পদ ফিরে পেলেও রাজনৈতিক জটিলতায় তিনি দায়িত্ব গ্রহণ করতে পারেননি। ওই সময় সিটি করপোরেশনে দীর্ঘ আন্দোলন ও অচলাবস্থার সৃষ্টি হয়, যার প্রভাব পড়ে প্রশাসনিক কার্যক্রমে। অভিযোগ রয়েছে, সেই সময় অফিস বন্ধ থাকলেও শতকোটি টাকার জ্বালানি খরচ উত্তোলন করা হয়। দুর্নীতি দমন কমিশনের প্রাথমিক তদন্তে আরিফ চৌধুরীর সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়া গেছে এবং এ ঘটনায় তার বিরুদ্ধে মামলাও চলমান রয়েছে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/16/ঝিনাইদহে-বিপুল-পরিমাণ-মা/
এছাড়া সদ্য শেষ হওয়া ঈদুল আজহায় বর্জ্য ব্যবস্থাপনায় জ্বালানি সংকট দেখা দেওয়ায় নগর পরিষেবায় বিঘ্ন ঘটে। এই সংকটের পেছনেও জ্বালানি অপব্যবহারের অভিযোগ উঠেছে। ডিএসসিসির অফিস আদেশে আরও বলা হয়, কেন্দ্রীয় পরিবহন পুল একটি গুরুত্বপূর্ণ বিভাগ হওয়ায় এখানে সুষ্ঠু কার্যক্রম নিশ্চিত করতে এই পরিবর্তন আনা হয়েছে। একই আদেশে আরও দুই কর্মকর্তার সংযুক্তি বাতিল ও নতুন পরিবহন তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সহকারী পরিবহন তত্ত্বাবধায়ক মামুন উদ্দিন আহম্মেদকে।




















