রাজপথের রাজনীতি থেকে পৌর নেতৃত্বে – আলোচনায় মনিরুল ইসলাম লিটন
- আপডেট সময় : ০৫:০৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ ৫২ বার পড়া হয়েছে
পটুয়াখালী জেলা যুবদলের সাবেক সভাপতি মনিরুল ইসলাম লিটনকে পৌর মেয়র হিসেবে দেখতে চান পটুয়াখালীর সকল স্তরের জনগণ—এমন আলোচনা ও প্রত্যাশা এখন স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বেশ জোরালো হয়ে উঠেছে। দীর্ঘদিন ধরে রাজপথের রাজনীতিতে সক্রিয় থাকা মনিরুল ইসলাম লিটন প্রায় ১৭ বছর ধরে আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি, প্রতিবাদ সমাবেশ এবং আন্দোলনে তার সক্রিয় উপস্থিতি ও দৃঢ় নেতৃত্ব তাকে পটুয়াখালীর রাজনৈতিক অঙ্গনে পরিচিত ও আলোচিত ব্যক্তিত্বে পরিণত করেছে বলে মনে করেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দা ও তার সমর্থকদের মতে, রাজপথে দীর্ঘদিনের সংগ্রাম, রাজনৈতিক অভিজ্ঞতা এবং সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে মনিরুল ইসলাম লিটন পৌরসভার নেতৃত্বে এলে নগর উন্নয়ন, নাগরিক সেবা এবং প্রশাসনিক কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। তাদের বিশ্বাস, জনকল্যাণমূলক কাজের অভিজ্ঞতা তাকে একজন কার্যকর জনপ্রতিনিধি হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে। পটুয়াখালীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে এ বিষয়টি নিয়ে ইতিবাচক আলোচনা রয়েছে বলে জানা গেছে। অনেকেই মনে করছেন, ভবিষ্যতে পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মনিরুল ইসলাম লিটন মেয়র পদে প্রার্থী হলে তিনি শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হতে পারেন।
তবে এখনো পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সময়ের সঙ্গে সঙ্গে পৌরসভা নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা আরও বাড়বে। এদিকে, মনিরুল ইসলাম লিটনের সমর্থকরা আশা প্রকাশ করেছেন যে, তিনি যদি মেয়র পদে নির্বাচনে অংশ নেন, তাহলে পটুয়াখালীর উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং মানুষের কল্যাণে কাজ করবেন।




















