মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি: ওমান ছাড়তে মার্কিন কর্মীদের নির্দেশ
- আপডেট সময় : ০৪:৪৩:১৪ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬ ৬৬ বার পড়া হয়েছে
মধ্যপ্রাচ্যে যুদ্ধের তীব্রতা বৃদ্ধির কারণে গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্র ওমানে নিযুক্ত জরুরি নয়, এমন মার্কিন সরকারি কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের ওমান ত্যাগ করার নির্দেশ দিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। মার্কিন পররাষ্ট্র দপ্তর নতুন এক সতর্ক বার্তায় আমেরিকান নাগরিকদের ‘নিরাপত্তাজনিত ঝুঁকি’ সম্পর্কে সতর্ক করেছে। সতর্ক বার্তায় বলা হয়েছে, ইরান থেকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকি এখনো বিরাজ করছে এবং বাণিজ্যিক বিমান চলাচলেও বড় ধরনের বিঘ্ন ঘটছে, যা যাত্রীদের জন্য নিরাপত্তা সমস্যার সৃষ্টি করতে পারে।
গতকাল শুক্রবার ওমানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, প্রতিবেশী দেশগুলোর ওপর ইরানের প্রতিশোধমূলক আক্রমণ অব্যাহত থাকায় উত্তর ওমানে ড্রোন হামলায় দুই ব্যক্তি নিহত হয়েছে। এর আগে ৯ মার্চ মধ্যপ্রাচ্যে ইরান ও তার মিত্রদের সম্ভাব্য পাল্টা হামলার মুখে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় তুরস্ক ও সৌদি আরব থেকে আরও বেশ কিছু সংখ্যক কূটনীতিক ও তাদের পরিবারকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় যুক্তরাষ্ট্র।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/12/ইসরাইলের-বিরুদ্ধে-মুসলিম/
ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে দক্ষিণ তুরস্কের আদানায় অবস্থিত মার্কিন কনসুলেটের অপরিহার্য নয় এমন কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের অবিলম্বে এলাকা ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। এর একদিন আগেই গত রোববার (৮ মার্চ) সৌদি আরবে নিযুক্ত মার্কিন কূটনৈতিক মিশনের কর্মীদের জন্যও একই ধরনের নির্দেশনা জারি করা হয়েছিল। গত এক সপ্তাহ ধরে চলমান সংঘাতের জেরে ইরানের দিক থেকে বড় ধরনের প্রতিশোধমূলক হামলার হুমকি আসায় এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
























