গোপালগঞ্জ জেলার মুকসুদপুরে নিখোঁজ তৌহিদুল ইসলামের লাশ উদ্ধার
- আপডেট সময় : ১১:৩২:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ ৬০ বার পড়া হয়েছে
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের পূর্ব ভাকুড়ি গ্রামে একটি পুকুর থেকে তৌহিদুল ইসলাম (৩১) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার হয়েছে। তিনি মুকসুদপুর উপজেলার লতিফপুর গ্রামের আকতার আলী মোল্লার ছেলে। দীর্ঘ প্রায় তিন মাস নিখোঁজ থাকার পর তার মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সোমবার (১৬ মার্চ) দুপুরে পূর্ব ভাকুড়ি গ্রামের পরেশ বিশ্বাসের বাড়ির উত্তর পাশের একটি পুকুরে কচুরিপানা পরিষ্কার করার সময় এ লাশের সন্ধান পাওয়া যায়। স্থানীয় যুবক তন্ময়সহ কয়েকজন এলাকাবাসী দুপুর ১টা ১৫ মিনিটের দিকে পুকুরের কচুরিপানা উঠাতে গিয়ে পানির মধ্যে একটি মরদেহ দেখতে পান। পরে বিষয়টি দ্রুত স্থানীয়দের মাধ্যমে পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধারের উদ্যোগ নেয়। পরে নিহতের স্বজন ও তার বাবা আকতার আলী মোল্লা ঘটনাস্থলে এসে মরদেহটি শনাক্ত করেন এবং নিশ্চিত করেন এটি তার ছেলে তৌহিদুল ইসলামের লাশ।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/16/আলমডাঙ্গা-উপজেলা-পরিষদের/
পরিবার সূত্রে জানা যায়, তৌহিদুল ইসলাম গত ১৬ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে বাড়ি থেকে বের হয়ে যান। এরপর থেকে তিনি আর বাড়িতে ফিরে আসেননি। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। মরদেহ উদ্ধারের পর তৌহিদুল ইসলামের বাবা আকতার আলী মোল্লা সংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকারে বলেন, “আমার ছেলে খুন হয়েছে। যারা তার হত্যার সঙ্গে জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। দায়ীদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তি না হলে আমরা আর শান্তিতে থাকব না।”
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/16/হারিয়ে-যাওয়া-৪১-টি-মোবা/
নিখোঁজের পর থেকে পুলিশ ঘটনাস্থল এবং আশপাশের এলাকায় তদন্ত চালাচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং প্রাথমিক তদন্তে মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণের চেষ্টা চলছে। এলাকাবাসীও মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য পুলিশের প্রতি সহায়তা ও দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছে।
ঘটনায় স্থানীয়দের মধ্যে শোক ও উদ্বেগের পাশাপাশি উত্তেজনাও বিরাজ করছে। পুলিশের দাবি, হত্যাকারীদের শনাক্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির বিষয়টি গুরুত্বের সঙ্গে অনুসন্ধান করা হবে।




















