ঈদকে ঘিরে শাহজাদপুরে জমজমাট জুতার বাজার, ক্রেতাদের উপচে পড়া ভিড়
- আপডেট সময় : ১১:৫৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ ১৫০ বার পড়া হয়েছে
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাজারগুলোতে বইছে উৎসবের আমেজ। আলোকসজ্জা ও বর্ণিল সাজে সেজে উঠেছে ছোট-বড় দোকান ও শপিংমল। বিশেষ করে ঈদের শেষ মুহূর্তের কেনাকাটায় জুতা ও স্যান্ডেলের দোকানগুলোতে দেখা যাচ্ছে ক্রেতাদের উপচে পড়া ভিড়। সরেজমিনে ঘুরে দেখা যায়, পৌর শহরের বিভিন্ন জুতার দোকানে তিল ধারণের ঠাঁই নেই। দোকানের ভেতর-বাহির ছাড়াও সড়কের পাশজুড়ে ক্রেতাদের দীর্ঘ সারি। সকাল থেকে শুরু হওয়া কেনাকাটার এ ভিড় মধ্যরাত পর্যন্ত অব্যাহত থাকে, অনেক ক্ষেত্রে গভীর রাতেও তা থামে না।
ব্যবসায়ীরা জানান, দিনের বেলায় উপজেলার বিভিন্ন গ্রাম ও আশপাশের থানা থেকে আসা ক্রেতাদের উপস্থিতি বেশি থাকে। আর রাত বাড়ার সঙ্গে সঙ্গে পৌর এলাকার ক্রেতাদের ভিড় বাড়তে থাকে। ফলে মধ্যরাত পর্যন্ত জমজমাট থাকে জুতার বাজার।
ক্রেতা রফিকুল ইসলাম বলেন, “ঈদের আগে পরিবারের সবার জন্য জামাকাপড় কেনা শেষ করেছি। আজ শেষ কেনাকাটা হিসেবে ছেলে-মেয়েদের জন্য জুতা কিনতে এসেছি। ভিড় অনেক হলেও ঈদের আনন্দে কেনাকাটা করতে ভালো লাগছে।”
ক্রেতা শাহিনা খাতুন বলেন, “বাচ্চাদের পছন্দের জুতা কিনতেই এত ভিড়ের মধ্যে আসতে হয়েছে। ঈদের দিন সবাই নতুন পোশাক ও জুতা পরে আনন্দ করবে—এটাই চাই।”
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/19/মুকসুদপুর-পৌরসভার-পানির/
পাশের বেড়া থানা থেকে আসা মো. শাহিন সরকার জানান, “শাহজাদপুরের জুতার বাজার বেশ পরিচিত। এখানে ঈদ উপলক্ষে নতুন নতুন কালেকশন পাওয়া যায়। তাই পরিবারের জন্য জুতা কিনতে এখানে এসেছি।” উল্লাপাড়া থেকে আগত ক্রেতা মো. আল আমিন বলেন, “প্রতি ঈদেই আমরা শাহজাদপুরে কেনাকাটা করতে আসি। এখানে জুতার বৈচিত্র্য যেমন বেশি, তেমনি দামও তুলনামূলকভাবে সহনীয়।” পৌর এলাকার ক্রেতা শ্রা্বনী ইসলাম প্রীতি বলেন, “নতুন পোশাকের সঙ্গে নতুন জুতা না হলে ঈদের আনন্দ যেন পূর্ণতা পায় না। তাই পরিবারের সবার জন্য জুতা কিনতে এসেছি।”
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/19/পলাশে-মালিতা-যুব-সংগঠনের/
স্থানীয় এক জুতা ব্যবসায়ী জানান, “ঈদের আগের দুই-তিন দিনই সবচেয়ে বেশি বিক্রি হয়। এবারও সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ক্রেতাদের ভিড় থাকছে এবং বিক্রিও সন্তোষজনক।” রমজানের শেষ প্রান্তে এসে ঈদের আনন্দে মুখর হয়ে উঠেছে শাহজাদপুরের বাজার। পরিবারের জন্য নতুন পোশাক ও জুতা কিনে ঈদ উদযাপনের প্রস্তুতিতে ব্যস্ত মানুষ—আর সেই আনন্দঘন প্রস্তুতিই প্রাণচাঞ্চল্যে ভরিয়ে তুলেছে পুরো বাজার এলাকা।




















