সাদা এপ্রোনের আড়ালে কালো কাহিনী
- আপডেট সময় : ১১:১৮:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬ ৮৩ বার পড়া হয়েছে
সাতক্ষীরার নলতায় অবস্থিত আর.বি নার্সিং কেয়ার ইনস্টিটিউটকে ঘিরে একের পর এক ভয়াবহ ও চাঞ্চল্যকর অভিযোগ সামনে আসছে, যা ইতোমধ্যেই স্থানীয় জনমনে তীব্র ক্ষোভ, উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি করেছে। প্রতিষ্ঠানটির পরিচালক মোঃ রাজন হোসেনের বিরুদ্ধে শিক্ষার্থীদের সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপন, প্রতারণা, শ্লীলতাহানি এবং ক্ষমতার অপব্যবহারের গুরুতর অভিযোগ উঠেছে।
বিশ্বস্ত সূত্র ও ভুক্তভোগীদের বক্তব্য অনুযায়ী, দীর্ঘদিন ধরেই প্রতিষ্ঠানটিতে অধ্যয়নরত একাধিক ছাত্রীকে নানা প্রলোভন, ভয়ভীতি ও কৌশলের মাধ্যমে পরিচালকের ব্যক্তিগত নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে।
অভিযোগ রয়েছে, শিক্ষাজীবন সহজ করে দেওয়া, খরচ বহনের আশ্বাস এবং ভবিষ্যতে চাকরির প্রলোভন দেখিয়ে ছাত্রীদের সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপনে বাধ্য করা হয়। ভুক্তভোগীদের একজন (ছদ্মনাম: ইরানি) অভিযোগ করে বলেন, পরিচালক তাকে একাধিকবার ব্যক্তিগতভাবে সময় দেওয়ার জন্য চাপ প্রয়োগ করেন। বিনিময়ে পড়াশোনার যাবতীয় খরচ বহনের প্রতিশ্রুতি দেন। এ সংক্রান্ত কথোপকথনের অডিও রেকর্ডও সংরক্ষিত রয়েছে বলে জানা গেছে, যা অভিযোগের সত্যতা নিয়ে নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/01/কালিয়াকৈরে-১২হাজার-টাকা/
আরও উদ্বেগজনক ও ভয়াবহ অভিযোগে উঠে এসেছে, পরিচালকের ব্যক্তিগত কক্ষে ছাত্রীদের ডেকে নিয়ে কোমল পানীয়ের সঙ্গে চেতনানাশক দ্রব্য মিশিয়ে অজ্ঞান করার পর শারীরিকভাবে নির্যাতনের ঘটনা ঘটানো হয়। যদিও এসব অভিযোগ অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় অধিকাংশ ভুক্তভোগী সামাজিক লজ্জা, নিরাপত্তাহীনতা এবং প্রতিশোধের আশঙ্কায় মুখ খুলতে সাহস পাচ্ছেন না, তবে গোপন অনুসন্ধানে পাওয়া তথ্য পরিস্থিতির ভয়াবহতা স্পষ্ট করে।
উল্লেখযোগ্য বিষয় হলো, বিভিন্ন গণমাধ্যমে এ সংক্রান্ত একাধিক প্রতিবেদন প্রকাশিত হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এতে করে প্রশাসনের ভূমিকা ও দায়বদ্ধতা নিয়ে জনমনে তীব্র প্রশ্ন দেখা দিয়েছে।
এলাকাবাসী, সচেতন নাগরিক সমাজ এবং অভিভাবকরা দ্রুত, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছেন। একইসঙ্গে নার্সিং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/01/শ্যামনগরে-তিন-দোকানে-কোট/
নলতা আর,বি নার্সিং কেয়ার ইনস্টিটিউটের পরিচালক মোঃ রাজন হোসেনের সাথে কথা হলে তিনি এবিষয়ে কোন মন্তব্য করতে রাজি নয়। এবং তড়িঘড়ি করে আলাপ কলটি বিচ্ছিন্ন করেন। এ বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।




















