কালিয়াকৈরে বাস চুরি: বগুড়ায় নিয়ে ‘পোস্টমর্টেম’, সংঘবদ্ধ চক্রের ৬ সদস্য গ্রেফতার
- আপডেট সময় : ১০:৩৯:০৬ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬ ১৪২ বার পড়া হয়েছে
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি গার্মেন্টস শ্রমিকবাহী বাস চুরি করে সেটি বগুড়ায় নিয়ে কেটে টুকরো টুকরো করার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এ ঘটনায় সংঘবদ্ধ চোর চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, গত ১২ মার্চ রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে কালিয়াকৈর থানাধীন কালামপুর এলাকার মাটিকাটা ডালাস গার্মেন্টসের সামনে “জুনায়েদ পরিবহন” (ঢাকা মেট্রো-জ-১৪-০৫২৬) নামের একটি বাস রেখে পাশের দোকানে চা পান করতে যান চালক সবুজ। এ সুযোগে পূর্বপরিকল্পিতভাবে একটি সংঘবদ্ধ চোরচক্র বাসটি চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে বাসটির মালিক জাকির হোসেন কালিয়াকৈর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে মামলা রুজু হয় (মামলা নং-০২, তারিখ: ০২-০৪-২০২৬, ধারা: ৩৭৯ পেনাল কোড)।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/02/ঝালকাঠিতে-জেলের-জালে-ধরা/
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৩ এপ্রিল গাজীপুর চৌরাস্তা এলাকা থেকে নাঈম (৩৮) কে গ্রেফতার করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আশুলিয়ার শ্রীপুর এলাকা থেকে এমদাদুল (৩৫) এবং নয়ারহাট এলাকা থেকে সবুজ (২৮) কে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে বগুড়া জেলার মাটিডালি এলাকা থেকে রবিন ওরফে কাটার রবিন (২৩), পারভেজ (৩০) এবং তুষার (২২) কে আটক করা হয়।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/02/নড়াইলে-৭-হাজার-৪শ-লিটার-ড/
পুলিশ জানায়, চক্রের মূলহোতা ল্যাংড়া এমদাদুলের নির্দেশে চুরি করা বাসটি বগুড়ার মাটিডালি এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে রবিন, পারভেজ ও তুষার মিলে বাসটি কেটে টুকরো টুকরো করে ফেলে। পরে সেগুলো আশুলিয়া থানার মোজার মিল এলাকায় আলী হোসেনের ভাঙারির দোকানে সাদ্দামের কাছে বিক্রি করা হয়। পরে অভিযান চালিয়ে সাদ্দামকেও গ্রেফতার করে পুলিশ।
তদন্তকারী কর্মকর্তা এসআই জাহাঙ্গীর আলম বলেন, “এটি একটি সংঘবদ্ধ চোরচক্র। তারা আশুলিয়া, সাভার, ধামরাই ও টাঙ্গাইলসহ বিভিন্ন এলাকায় যানবাহন চুরি করে থাকে।” কালিয়াকৈর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, “চক্রটি এর আগেও একাধিক এ ধরনের অপরাধে জড়িত ছিল। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।”




















